আড়াই বছরে মহাজোট ভালো কিছু করতে পারেনি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অনেক আশা নিয়ে জনগণ মহাজোটকে ভোট দিলেও সে আশা আজও পূরণ হয়নি। আড়াই বছরে তাঁরা দেশের জন্য ভালো কিছু করতে পারেনি। মানুষ আজ চরম সংকটে। গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশালে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের মানুষ শাসক দলের কর্মকাণ্ডে অতিষ্ঠ। মানুষ চায় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসুক। দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে বোঝা যায়, ভবিষ্যতে জাতীয় পার্টি এককভাবে সরকার গঠন করবে ইনশাল্লাহ। দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কথা উল্লেখ করে এরশাদ আরও বলেন, ‘সরকার দেশের আলেম-ওলামাদের রাস্তায় নামাচ্ছে, আমি বলব শীর্ষ আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং ইসলামী বুদ্ধিজীবীদের ডেকে এ সমস্যার সমাধান করতে।’সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাহমুদ হাসান, সাবেক মন্ত্রী এম এ সাত্তার প্রমুখ।