আড়াই বছরে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে দুটি

পানিসম্পদ মন্ত্রণালয়ের আটটি অডিট আপত্তি নিষ্পত্তির বিষয়ে ২০১৫ সালের মে মাসে সুপারিশ করেছিল সরকারি হিসাব কমিটি। প্রায় আড়াই বছর পর দেখা গেছে, এই আটটি আপত্তির মধ্যে মাত্র দুটির বিষয়ে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। আর ছয়টি আপত্তি বাস্তবায়িত হয়নি।
আজ বৃহস্পতিবার সরকারি হিসাব সম্পর্কিত কমিটির বৈঠকে যে আপত্তিগুলো প্রতিপালন করা সম্ভব হয়নি, সেগুলো দ্রুত প্রতিপালনের নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে কমিটির অনুশাসন প্রতিপালন না করাকে সংবিধান লঙ্ঘন বলে অভিহিত করা হয়।
আজ কমিটির ৭২তম বৈঠক হয়। এতে ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত ২৭তম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। তাতে এই চিত্র দেখা যায়।
জানতে চাইলে কমিটির সদস্য মো. আবদুস শহীদ প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় পার হলেও কমিটির অনুশাসন মানা হয়নি। এটা সংসদের প্রতিও একধরনের অবহেলা। সরকারি হিসাব কমিটির কথা সংবিধানে বলা আছে। তিনি বলেন, আপত্তি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বিষয় উপস্থাপন করেছিল। কিন্তু কমিটির অনেকের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। মন্ত্রণালয় সময় নিয়েছে। তারা বলেছে, আপত্তিগুলো ১০ বছর আগের তাই সময় লাগছে। তারা চেষ্টা করছে।
যে আপত্তিগুলোর বিষয়ে সংসদীয় কমিটির নির্দেশনা মানা হয়নি, সেগুলো হলো পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর কার্যালয়ে রেসপনসিভ প্রথম সর্বনিম্ন দরদাতার দরপত্র গ্রহণ না করে চতুর্থ সর্বনিম্ন দরদাতার দরপত্র গ্রহণ করায় ১ কোটি ১১ লাখ ২৯ হাজার টাকা ক্ষতি; নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ব্যর্থ ঠিকাদারের পারফরম্যান্স সিকিউরিটি বাজেয়াপ্ত না করায় পাউবোর ১ কোটি ৬১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা ক্ষতি; সেচকর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতার জন্য বোর্ডের ৪ কোটি ১৭ লাখ ৫৪ হাজার ৪ শত ৯৪ টাকা ক্ষতি; বাজেট বরাদ্দের অতিরিক্ত কার্যাদেশ প্রদানে বোর্ডের দায়দেনা ৪ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৬৯১ টাকা বাড়ানো; চুক্তির শর্ত ভঙ্গ করে রয়েলটি পরিশোধে ২০ লাখ ৪২ হাজার ৫৩০ টাকা ক্ষতি এবং সেচকর বাবদ আদায় করা অর্থ থেকে ৩৬ লাখ ৭৫ হাজার ৮১৭ টাকা ব্যয়।
বৈঠকে এ আপত্তিগুলোর বিষয়ে কমিটির অনুশাসন দ্রুত প্রতিপালন করে অডিট কর্তৃপক্ষের মাধ্যমে তা সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে কমিটিকে জানানোর নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আবদুস শহীদ, মো. রুস্তম আলী ফরাজী, মো. শামসুল হক টুকু ও ওয়াসিকা আয়েশা খান অংশ নেন।