ভবন নির্মাণের প্রায় আড়াই বছর পরও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়নি। জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহ না করায় কার্যক্রম শুরু করা যায়নি। উপরন্তু আগের ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ২০০৮ সালের ৫ জুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। এটি নির্মাণে চার কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ১২০ দশমিক ৩৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ পায়। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। আড়াই বছর পরও ৫০ শয্যার কার্যক্রম শুরু হয়নি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী এখানে ২২ জন চিকিৎসক ও ২৬ জন নার্স থাকার কথা। কিন্তু ৩১ শয্যার আগের জনবল কাঠামো অনুযায়ী এখানে নয়জন চিকিৎসকই নেই, আছেন মাত্র ছয়জন। নার্স আছেন মাত্র চারজন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাইলি আকতার জানান, ৫০ শয্যার কার্যক্রম চালুর জন্য জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সারা বাংলাদেশে চিকিৎসকের সংকট লেগেই আছে। আমরা অল্পদিনের মধ্যে ৫০ শয্যার জনবল কাঠামো অনুযায়ী চিকিৎসক ও নার্স এবং সকল যন্ত্রপাতি পাব। তারপরই নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।’