আড়াই বছরেও অবসরভাতা মেলেনি
এক মৃত শিক্ষকের পরিবারের সদস্যরা আড়াই বছর আগে অবসর-সুবিধার টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছিলেন। কিন্তু আজও তাঁরা ওই টাকা পাননি। টাকা না পেয়ে তাঁরা ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন।মৃত ওই শিক্ষকের নাম প্রদ্যুৎ রঞ্জন দে। তাঁর বাড়ি মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর গ্রামে। তিনি ১৯৭০ সালের ২৭ জানুয়ারি উপজেলা সদরের জুড়ী উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৮৪ সালের ১ ডিসেম্বর তিনি এমপিওভুক্ত হন। ২০০৬ সালের ৬ নভেম্বর তিনি অবসর নেন। ২০০৭ সালের ১৮ জুন তিনি মারা যান।ওই শিক্ষকের বড় ছেলে পলাশ রঞ্জন দে জানান, তাঁর বাবার অবসর-সুবিধার টাকা পেতে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে তিনি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর-সুবিধা বোর্ডের ঢাকা কার্যালয়ে আবেদন করেন। পলাশ অভিযোগ করেন, আবেদনের পর বিভিন্ন সময় যোগাযোগ করলে অবসর বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ‘হচ্ছে, হবে’ বলে আশ্বাস দেন। সর্বশেষ ৫ সেপ্টেম্বর ওই কার্যালয়ে গেলে এক কর্মকর্তা তাঁকে জানান, ফাইলটি (ইনডেক্স নম্বর-২০৩৮৭) আটকে আছে।