আড়াই বছরেও কাজ শুরু করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্পের মেয়াদ আছে আর মাত্র সাড়ে পাঁচ মাস। অথচ প্রকল্প অনুমোদনের আড়াই বছর পেরিয়ে গেলেও এখনো খননকাজই শুরু করতে পারেনি চট্টগ্রাম সিটি করপোরেশন। চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান সিটি করপোরেশনের প্রকৌশলীরা। এখন প্রকল্প সংশোধনের জন্য একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। এতে ব্যয় প্রায় দ্বিগুণ হচ্ছে। স্বাভাবিক কারণেই প্রকল্পের মেয়াদও বাড়ছে।
চট্টগ্রাম নগরের নাসিরাবাদ, মুরাদপুর, শুলকবহর, বহদ্দারহাট, বারইপাড়া ও বাকলিয়া এলাকার জলাবদ্ধতা দূর করতে ২০১২ সালের নভেম্বর মাসে নতুন এই খাল খননের উদ্যোগ নিয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০১৪ সালের ২৪ জুন এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নগরের বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত ২ দশমিক ৯৭ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬৫ ফুট প্রস্থের এ খাল খনন প্রকল্পের ব্যয় প্রথমে ধরা হয় ২৮৯ কোটি ৪৪ লাখ টাকা। ২০১৫ সালের ২৩ জুলাই প্রকল্পের চূড়ান্ত অনুমোদনের সময় ব্যয় নির্ধারণ করা হয় ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা। কাজ শুরুর আগেই প্রকল্প ব্যয় বেড়েছিল ৩৭ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয় ২০১৪ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, প্রকল্পের ব্যয় দ্বিগুণ করে প্রায় ৭০০ কোটি টাকা এবং মেয়াদ দুই বছর বৃদ্ধি করে ২০১৯ সালের জুন পর্যন্ত করার প্রক্রিয়া চলছে। সংশোধিত প্রকল্পটি অনুমোদনের জন্য আগামী ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গত বছরের ১০ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম নগর সংলাপ’ অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বহদ্দারহাটের বারইপাড়া থেকে কর্ণফুলী পর্যন্ত নতুন খাল খনন প্রকল্প একনেকে পাস হয়েছে অনেক আগে। এরপরও এর প্রশাসনিক অনুমোদন পেতে অনেক সময় চলে যাচ্ছে। ২০১৭ সালের জুনে এটির মেয়াদ শেষ হবে। আর দুই মাস পরই লেখালেখি শুরু হবে, মেয়র ব্যর্থ। কিন্তু অর্থ মন্ত্রণালয় টাকা ছাড় না দিলে কী করার আছে?’ ওই সভায় তিনি একটি প্রকল্প একনেকে অনুমোদন হওয়ার পর সেটির প্রশাসনিক অনুমোদন পেতে দীর্ঘসূত্রতার সমালোচনা করেছিলেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রথম প্রকল্প অনুযায়ী ৩২৬ কোটি ৮৪ লাখ টাকার মধ্যে সরকারের দেওয়ার কথা ছিল ২৪৫ কোটি ১৩ লাখ টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে খরচ করা হতো ৮১ কোটি ৭১ লাখ টাকা। কিন্তু এ পর্যন্ত প্রকল্পের জন্য সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া গেছে ৬০ কোটি টাকা।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, নতুন খাল খননের জন্য নির্ধারিত জায়গার ডিজিটাল সার্ভের কাজ শেষ হয়েছে। এখন এর যাচাই-বাছাই চলছে।
করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ জানান, জমি অধিগ্রহণের সব টাকা জেলা প্রশাসনকে একসঙ্গে দিতে হয়। কিন্তু বরাদ্দ না পাওয়ায় তা দেওয়া সম্ভব হয়নি। ফলে জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়নি। এ ছাড়া আগে এক ধাপেই সব জমি অধিগ্রহণ করার পরিকল্পনা ছিল। এখন পাঁচ ধাপে জমি অধিগ্রহণ করা হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত এক বছর সময় লাগবে। এরপর খাল খনন করতে আরও এক বছর সময় লাগবে।