
উদ্বোধনের আড়াই বছর পরও চট্টগ্রামে নারী পোশাকশ্রমিকদের জন্য নির্মিত ডরমিটরি চালু করা যায়নি। নগরের সল্টগোলা এলাকায় সাড়ে ৩৬ কাঠা জমির ওপর ছয়তলা পাঁচটি ভবন নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এতে তিন হাজার নারী শ্রমিকের থাকার ব্যবস্থা রয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ যৌথভাবে এ ডরমিটরি নির্মাণ করেছে। এত দিনেও ডরমিটরি চালু না হওয়ার জন্য সিডিএ ও বিজিএমইএ একে অপরকে দায়ী করছে।
২০১৩ সালের ১২ অক্টোবর চট্টগ্রামে এই ডরমিটরির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্য তখন ডরমিটরির নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। এর আগে ২০১২ সালের মার্চে ডরমিটরির নির্মাণকাজেরও উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২২ কোটি টাকা। পানি উৎপাদনের জন্য নিজস্ব ব্যবস্থা রয়েছে এই ডরমিটরিতে। রয়েছে বিদ্যুৎ ও গ্যাস-সংযোগ।
ডরমিটরি নির্মাণ প্রকল্পের পরিচালক ও সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, প্রায় দুই বছর আগে তাঁরা নির্মাণকাজ শেষ করেন। কিন্তু বিজিএমইএ পুরো টাকা শোধ না করায় ভবনগুলো হস্তান্তর করা যাচ্ছিল না। পাঁচটি ভবনে কক্ষের সংখ্যা ২৪৪টি। ২৬টি পোশাক কারখানার মালিকের কাছে এসব কক্ষ বিক্রি করা হয়েছে। কক্ষগুলোর প্রতি বর্গফুটের দাম পড়েছে তিন হাজার টাকা। তিনি বলেন, গত মাসে বিজিএমইএ টাকা পরিশোধ করার পর ভবনগুলো মালিকদের নামে রেজিস্ট্রেশন করা হয়েছে। আগামী মাসের শুরুতে হস্তান্তরের কাজ শুরু করা যাবে বলে আশাবাদী তিনি।
অবশ্য অর্থ-সংক্রান্ত কারণে ভবন হস্তান্তরে দেরি হয়েছে—সিডিএর এই দাবি পুরোপুরি মানতে নারাজ বিজিএমইএ। ডরমিটরি নির্মাণ-সংক্রান্ত বিজিএমইএর স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সংগঠনের সাবেক প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দু-একজন মালিকের টাকা পরিশোধ করতে কিছুটা সময় লেগেছে, এটা ঠিক। কিন্তু সিডিএরও কাজ শেষ করতে আরও বেশি সময় লেগেছে। চুক্তি অনুযায়ী সব টাকা পরিশোধ করা হয়েছে। এখন মালিকেরা কক্ষগুলো বুঝে পাওয়ার পর তা শ্রমিকদের মধ্যে বরাদ্দ দেবেন।
পরিবার সঙ্গে নেই—এমন নারী শ্রমিকেরাই স্বল্প ভাড়ায় এই ডরমিটরির সুবিধা পাবেন বলে জানান পোশাক কারখানার মালিকেরা। পোশাক শিল্পপ্রতিষ্ঠান প্যাসিফিক জিনস লিমিটেড তাদের চারটি কারখানার নারী শ্রমিকদের জন্য ডরমিটরির শতাধিক কক্ষ কিনেছে। প্যাসিফিক জিনস লিমিটেডের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, একটি কক্ষে কতজন শ্রমিক থাকতে পারবেন বা তাঁরা কত টাকা করে ভাড়া দেবেন, সে বিষয়টি পরে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।
বিজিএমইএর হিসাবে, চট্টগ্রামে বর্তমানে ৪৬৮টি পোশাক কারখানা সচল রয়েছে। এসব কারখানায় প্রায় ৫ লাখ শ্রমিক কাজ করছেন। এঁদের ৮০ শতাংশই নারী শ্রমিক। আবার নারী শ্রমিকদের বড় অংশই চট্টগ্রামের নগরের বাসিন্দা নন। নগরের বাইরের বিভিন্ন উপজেলা ও জেলায় তাঁদের বাড়ি।
পোশাকশ্রমিকদের সংগঠন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়ার্কার্সের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে এই খাতে নারী শ্রমিকদের অংশগ্রহণ আরও বাড়বে। সিডিএ যে ডরমিটরি তৈরি করেছে, তাতে কয়েকটি নামকরা পোশাক কারখানার শ্রমিকেরা থাকার সুবিধা পাবেন। যদি এটি সিডিএ নিজের হাতে রেখে সব নারী শ্রমিকের জন্য উন্মুক্ত করে দিত, তাহলে আরও ভালো হতো। সরকারের উচিত এ রকম অনেকগুলো ডরমিটরি তৈরি করা, যেখানে ভাড়ার বিনিময়ে যেকোনো নারী শ্রমিক থাকার সুযোগ পেতে পারেন।