আড়াই বছরেও চালু হয়নি সিসিইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের ২০ জুলাই পটুয়াখালী জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) জন্য আলাদা ভবনের নির্মাণকাজ শেষ হয়। চিকিৎসকসহ জনবল-সংকট, আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ৩০ শয্যার সিসিইউটি চালু করা যাচ্ছে না। এতে হূদেরাগে আক্রান্ত রোগীরা এখান থেকে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না।
হাসপাতাল থেকে জানা গেছে, হূদেরাগীদের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার জন্য ২৫০ শয্যার পটুয়াখালী জেনারেল হাসপাতালে পৃথক একটি সিসিইউয়ের জন্য ভৌত অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। পটুয়াখালী গণপূর্ত বিভাগ ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি দুই কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে সিসিইউয়ের জন্য ভবন নির্মাণের কাজ শুরু করে। কাজ শেষ করে ২০১১ সালের ২০ জুলাই তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসক-কর্মচারী, আসবাব ও যন্ত্রপাতির ব্যবস্থা না করায় হাসপাতাল কর্তৃপক্ষ তা চালু করতে পারছে না।
হাসপাতালে সিনিয়র ও জুনিয়র কার্ডিওলজি চিকিৎসকের দুটি পদই শূন্য রয়েছে। এ কারণে হূদেরাগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে এলে তাঁদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। এ কারণে বিপাকে পড়ছেন দরিদ্র রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা সত্ত্বেও অর্থের অভাবে তাঁরা এখানেই বাধ্য হয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন।
সিসিইউ চালু না হওয়ায় নতুন ভবনটি ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়ছে। সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক ভবনের বাইরে রং করার কাজে ব্যস্ত রয়েছেন।
গণপূর্ত বিভাগের পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. তৈয়েবুর রহমান বলেন, এমনিতেই এ অঞ্চলটি লবণাক্ত। তারপর দীর্ঘদিন অব্যবহূত অবস্থায় থাকলে যেকোনো ভবনই ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ভবনটি রক্ষায় আবহাওয়া উপযোগী রং করা হচ্ছে। আর এর জন্য ব্যয় হচ্ছে দুই লাখ ৩৪ হাজার ২১৩ টাকা।
হাসপাতালের সহকারী পরিচালক তরুণ কান্তি হালদার বলেন, সিসিইউটি এই হাসপাতালের একটি পৃথক ইউনিট। তাঁদের কাছে এই ইউনিটের ভবনটি হস্তান্তর করা হয়েছে। এই সিসিইউয়ে প্রতি দুজন রোগীর জন্য একজন সেবিকা এবং চারজন রোগীর জন্য একজন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, আসবাব ও যন্ত্রপাতির বরাদ্দ দেওয়া হয়নি। তাই এটি চালু করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।