আড়াই বছরেও চূড়ান্ত হলো না অধিদপ্তরের নিয়োগ বিধিমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমলাতান্ত্রিক ধীরগতির কারণে পণ্য ও সেবার ক্রেতাদের স্বার্থরক্ষা নিশ্চিতের ব্যাপারটি বাস্তবায়িত হচ্ছে না। সাংগঠনিক কাঠামো ও নিয়োগ বিধিমালার অভাবে এ লক্ষ্যে গঠিত ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যকর হতে পারছে না। শেষ পর্যন্ত এর সাংগঠনিক কাঠামোটি চূড়ান্ত হয়েছে। তবে এখনো নিয়োগবিধি চূড়ান্ত হয়নি। নেই প্রচার।বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠিত হয় ২০০৯ সালের ২৮ জুন। জনপ্রশাসন মন্ত্রণালয় এ জন্য ২৩৩টি পদ সৃজনের সুপারিশ করে। প্রধান কার্যালয়সহ সাতটি বিভাগ, ৬৪টি জেলায় মোট ৭২টি অফিস স্থাপনের জন্য ২৩৩ জনবলের নিয়োগ বিধিমালা এখনো চূড়ান্ত হয়নি। মহাপরিচালক নিয়োগ পেয়েছেন এ অধিদপ্তর গঠনের প্রায় পাঁচ মাস পর।অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে আইন মন্ত্রণালয়ে নিয়োগবিধি যাচাই করা হচ্ছে। জনবল-সংকট প্রকট: বর্তমানে সংযুক্ত, নিয়মিতসহ মাত্র ১৫ জন কর্মকর্তা দিয়ে চলছে অধিদপ্তরের কাজ। সাত বিভাগের মধ্যে চারটি বিভাগে একজন করে বিভাগীয় উপপরিচালক নিয়োগ হয়েছে। এখনো জেলা পর্যায়ের অবকাঠামো তৈরি হয়নি। অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা প্রথম আলোকে বলেন, ‘নিয়োগ বিধিমালা অনুমোদনের প্রক্রিয়াটি অনেক দীর্ঘ। বর্তমানে এটি আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাইয়ের অপেক্ষায় আছে। তবে অধিদপ্তরের অধীনে বাজার পরিদর্শনমূলক অভিযানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত জনবল থাকা জরুরি।’মহাপরিচালক বলেন, সরকার বিশেষ বিবেচনায় ১৭ জন উপসচিবকে এ অধিদপ্তরের কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছে। ১৭ জনের মধ্যে বর্তমানে আছেন ১৫ জন।অধিদপ্তরের আওতাধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের বার্ষিক প্রতিবেদনে (২০১০ সালের জুন পর্যন্ত) উল্লেখ করা হয়েছে, নিজস্ব জনবল না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মৎস্য, পরিবেশ অধিদপ্তরসহ অন্য সংস্থার প্রতিনিধিদের নিয়ে বাজার পরিদর্শনমূলক অভিযান চালানো হচ্ছে।অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবু তালেব প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ৬ এপ্রিল থেকে অধিদপ্তরের অধীনে বাজার অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া সারা দেশে এ অভিযান চালানো সম্ভব হয়েছে। অবশেষে আইন: উন্নত বিশ্ব এমনকি ভারত, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের মতো দেশেও ভোক্তাস্বার্থ সংরক্ষণে নির্দিষ্ট আইন বেশ আগেই প্রণীত হয়েছে। বিভিন্ন বেসরকারি সংগঠনের অব্যাহত দাবির মুখে বাংলাদেশে মাত্র ২০০৯ সালে এ-সংক্রান্ত আইন প্রণীত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণে প্রচলিত আইনগুলোর অতিরিক্ত হিসেবে এ আইনটি প্রণীত হয়েছে। এ আইন অনুযায়ী, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বা সেবা বিক্রি, ভেজাল পণ্য বিক্রি ও অবৈধভাবে পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ অপরাধের আওতায় পড়বে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রতারিত করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি না করা এবং ওজনে কারচুপি করাও শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আইনে সর্বোচ্চ শাস্তি অনূর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান আছে। পরিষদ গঠন: আইনের উদ্দেশ্য বাস্তবায়নে ২০০৯ সালের ২৪ নভেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদ গঠন করা হয়। এ পরিষদের চেয়ারম্যান বাণিজ্যমন্ত্রী। এ ছাড়া ২৯ সদস্যের এ পরিষদে আছেন ১৩ জন সরকারি কর্মকর্তা এবং ১৫ জন বেসরকারি ব্যক্তি। পরিষদের প্রথম সভা হয় ২০০৯ সালের ৯ ডিসেম্বর। প্রতি দুই মাসে কমপক্ষে একটি সভা হওয়ার কথা থাকলেও তা প্রায়ই মানা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত বছরের ১৮ সেপ্টেম্বর পরিষদের সর্বশেষ (ষষ্ঠ) সভা অনুষ্ঠিত হয়। পরিষদের দায়িত্ব হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় আইন ও প্রশাসনিক নির্দেশনা দেওয়া, ভোক্তা অধিকারবিরোধী কাজের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করা, গবেষণা, অধিদপ্তর এবং জেলা কমিটির কার্যক্রম তদারকি ও পর্যবেক্ষণ করাসহ বিভিন্ন আইনগত কাজ। প্রচার কম, নেই সচেতনতা: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদকে গত অর্থবছরে আইনের প্রচার ও বাস্তবায়নে এক কোটি টাকা অনুদান দেয় সরকার। তবে আইন বা ভোক্তা অধিদপ্তর সম্পর্কে এখনো বেশির ভাগ মানুষেরই তেমন একটা ধারণা নেই। কীভাবে বা কোন কোন অভিযোগের ক্ষেত্রে আইনি সুরক্ষা পাওয়া সম্ভব, তা জানেন না ভোক্তারা। অধিদপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, লিখিত অভিযোগ করা ভোক্তার সংখ্যা খুবই কম। তবে কর্মকর্তারা এ-ও বলেছেন, অধিদপ্তরের জনবলস্বল্পতায় অভিযোগের সংখ্যা বেশি হলে হিমশিম খেতে হবে।প্রচার কম হওয়ার প্রসঙ্গে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আবু তালেব বলেন, ‘তিন বছরে প্রতিষ্ঠানটি বলতে গেলে মাত্র হামাগুড়ি দিচ্ছে। তার পরও জেলা সদর পর্যন্ত সারা দেশে জেলা অবকাঠামোগুলো হয়ে গেলে প্রচার আরও বাড়ানো সম্ভব হবে।’ পণ্যের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে নমুনা পরীক্ষার জন্য অধিদপ্তরের এক বা একাধিক গবেষণাগার তৈরির কথা ছিল। এখনো তা হয়নি। মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা বলেন, স্বল্প জনবল দিয়ে অধিদপ্তরের বিভিন্ন কাজ করা হচ্ছে। গবেষণাগার করতে একটু সময় লাগবে। তবে সে পর্যন্ত অন্য সরকারি বা বেসরকারি গবেষণাগারকে তালিকাভুক্ত করা যাবে। ভোক্তার যা জানার: ক্ষতিগ্রস্ত ভোক্তাকে ৩০ দিনের মধ্যে রাজধানীর ১ কারওয়ান বাজারে অধিদপ্তরের মহাপরিচালক অথবা সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত অভিযোগ করতে হবে। এ অভিযোগ অবশ্যই লিখিত হতে হবে। আইন অনুযায়ী অভিযোগকারী সরাসরি ফৌজদারি মামলা করতে পারেন না। প্রশাসনিক ব্যবস্থায় আদায় করা জরিমানার ২৫ শতাংশ পাবেন তিনি।