আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি গঠনের দেড় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও দীর্ঘ আড়াই বছরেও নতুন কমিটি হয়নি। এ নিয়ে স্থবিরতা কাটিয়ে উঠতে না-উঠতেই এখন নতুন করে দলের চার নেতা সিটি করপোরেশনের মেয়র পদে আগাম নির্বাচনী প্রচারাভিযানে নেমেছেন।জানা যায়, জাতীয় পার্টি জেলা কমিটির তিন যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান, এ কে এম আবদুর রউফ ও আবুল মাসুদ চৌধুরী এবং জেলা কমিটির সদস্যসচিব মোস্তাফিজার রহমান—এ চার নেতা নবগঠিত সিটি করপোরেশনের নির্বাচনকে ঘিরে নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় পোস্টার সেঁটেছেন। মতবিনিময় সভা করছেন। দলীয় সূত্র জানা যায়, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ২০১০ সালের ২৮ এপ্রিল জেলা কমিটি ভেঙে দিয়ে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের ছোট ভাই ও মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।দলের জ্যেষ্ঠ নেতা ও আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ নূর আহমেদ বলেন, ‘এত দিনে যেহেতু নতুন কমিটি করা সম্ভব হয়নি। সেহেতু নতুন করে যত চেষ্টাই করা হোক না কেন, দলের গতি ফিরিয়ে আনা খুবই কষ্টকর হবে। রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচনের প্রার্থী নিয়ে ইতিমধ্যে চার নেতা পরস্পরবিরোধী অবস্থানে রয়েছেন।’ এদিকে মন্ত্রী জি এম কাদেরকে আহ্বায়ক করায় দলের মধ্যে নিষ্ক্রিয় হয়ে পড়া নেতা-কর্মীদের মধ্যে সক্রিয় হয়ে ওঠার যে সম্ভাবনা ছিল, তা-ও দীর্ঘ সময়ে আর হয়ে ওঠেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, ‘মহাজোট সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীকে আহ্বায়ক করায় তিনি সময় দিতে পারেননি বলে নতুন কমিটি এখনো আলোর মুখ দেখল না।’ মন্ত্রী জি এম কাদেরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব ও জেলা জাপার সদস্য এইচ এম ইয়াসীর বলেন, ‘জেলা জাপার কমিটি গঠন নিয়ে নেতারাই বলতে পারবেন। তবে আসন্ন সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থিতা নিয়ে দ্বন্দ্ব দেখা দিলেও আশা করি ঠিক হয়ে যাবে।’ আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বলেন, ‘নতুন কমিটির ওপর দায়িত্ব ছিল দেড় মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার। কিন্তু জেলা নেতাদের আন্তরিকতার অভাবে তা সম্ভব হয়নি।’ যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফ বলেন, ‘দীর্ঘ আট বছর ধরে রংপুর পৌরসভার মেয়র ছিলাম। আর তাই এবারও নির্বাচন করতে আগ্রহী বলে মাঠে কাজ শুরু করেছি।’ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে এটা কোনো নতুন বিষয় নয়। জাপার সাবেক সাংসদ ও জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মসিউর রহমান বলেন, ‘রাজনৈতিক দলে একটু-আধটু দ্বন্দ্ব থাকতেই পারে। তবে দলকে শক্তিশালী করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এতে কারও সঙ্গে মতবিরোধ হতেই পারে।’