
বাগেরহাটের সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ ফেরিঘাট পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরা। গত প্রায় আড়াই বছরেও সড়কটি সংস্কারটি না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
গত শনি ও রোববার সরেজমিনে সড়কের ওই ১৯ কিলোমিটার অংশ ঘুরে দেখা যায়,সড়কের বিভিন্ন স্থানে ৩০০-৪০০ খানাখন্দ। সড়কের কাঁঠালতলা এলাকায় বাস থামিয়ে দিয়েছেন চালক। এরপর যাত্রীরা কিছুক্ষণ হাঁটলেন। চালক বাসটি নিয়ে কিছু দূর যাওয়ার পর আবার যাত্রীরা বাসে উঠলেন। এভাবে বাগেরহাটের সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ ফেরিঘাট পর্যন্ত যেতে দৈবজ্ঞহাটি, হাসেম খাঁর হাট, দোনা এলাকায় যাত্রীদের বাস থেকে নামতে হচ্ছে কয়েক বার।
রোববার সকালে সড়কের ওই এলাকায় একটি বাসের চাকা রাস্তায় দেবে গেলে প্রায় চার ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে থাকে। এ সময় রাস্তার দুই পাশে যানজট তৈরি হয়। পরে সড়ক বিভাগের লোকজন বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সড়কের এই বেহাল অবস্থার কারণে বাগেরহাট থেকে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত ২৫ কিলোমিটার পথ পার হতে সময় লাগছে তিন থেকে সোয়া তিন ঘণ্টা।
মোরেলগঞ্জ এসএম কলেজের ভূগোল বিভাগের শিক্ষক হায়দার আলী খুলনা থেকে রোজ কলেজে আসেন। তিনি বলেন, ‘খুলনা থেকে আমার কলেজে আসতে লাগে দুই ঘণ্টা।’
একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শেখ নুরুল আমিন বলেন, ভোরে বাগেরহাটের বাসা থেকে তাঁর নিজের মোটরসাইকেলে কলেজে আসার পথে বাধ্য হয়ে পথে কিছুটা হেঁটে আর কিছুটা বাস আর ভ্যানে করে কলেজে যান।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে ৯৭ কোটি টাকা ব্যয়ে ৫২ কিলোমিটার সাইনবোর্ড-মোরেলগঞ্জ-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়কের পুনর্নির্মাণ প্রকল্পটি ২০১০ সালে একনেকের অনুমোদন পায়। ২০১১-১২ অর্থবছরে মাটি ফেলে সড়ক চওড়া ও উঁচু করার কাজ এবং ২০১২-১৩ অর্থবছরে সড়কের কাজ শুরু হয়। দুটি গুচ্ছে ভাগ করে সাইনবোর্ড থেকে মোরেলগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত কাজ পায় এমএম বিইএল-টিএল জেভি নামে একটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। আর নব্বইরশি থেকে বগী পর্যন্ত কাজ পায় এসটি-এমই জেভি নামে আরেকটি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান।
বাগেরহাট সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, এসটি-এমই জেভি সড়কের শেষ প্রান্তের ১৯ কিলোমিটার কাজ শেষ করেছে। এখন বাকি ১৪ কিলোমিটার অংশের কাজ চলছে। কিন্তু সড়কের প্রথমাংশের ওই ১৯ কিলোমিটার কাজের জন্য নিয়োজিত এমএম বিইএল-টিএল জেভি কাজ শেষ করতে পারেনি।
ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিইএল-টিএল জেভি কার্যাদেশ পেয়েছিল ২০১৩ সালের ৪ এপ্রিল। ওই বছরের ২০ অক্টোবরের মধ্যে তাঁদের কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় ২০১৩ সালের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। এরপরও প্রতিষ্ঠানটি কাজ শেষ করতে পারেনি। মেয়াদ শেষ হওয়ার প্রায় আট মাস পর চলতি বছরের ২৪ মার্চ তাঁদের কার্যাদেশ বাতিল করা হয়। এরপর দরপত্র আহ্বান করে টিএসএল-এমআইএসই জেভি নামে আরেকটি প্রতিষ্ঠানকে নতুন করে কার্যাদেশ দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরে তাঁদের কাজ শেষ করার কথা রয়েছে।
সওজ বাগেরহাটের উপসহকারী বিভাগীয় প্রকৌশলীসাজেদুর রহমান বলেন, আগের ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান ও ঠিকাদার নির্বাচনে কিছুটা বেশি সময় লেগেছে। বিধি অনুযায়ী ওই ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণের প্রায় দেড় কোটি টাকা কেটে রাখা হয়েছে।
এ ব্যাপারে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধি কালাম মজুমদার বলেন, তাঁরা কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাঁদের মালামাল ও যন্ত্রপাতি পৌঁছে যাবে।