আড়াই বছরেও হস্তান্তর হয়নি মহেশখালীর দুই জেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছরেও কক্সবাজারের মহেশখালী উপজেলার দুই জেটি (গোরকঘাটা ও আদিনাথ) বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করা হয়নি। ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি কক্সবাজার কস্তুরাঘাট থেকে মহেশখালীর মুদিরছড়া পর্যন্ত নদীবন্দর ঘোষণা করে সরকারিভাবে গেজেট প্রকাশ করা হয় এবং নদীবন্দরের রক্ষণাবেক্ষণের জন্য বিআইডব্লিউটিএকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এ দুই জেটি হস্তান্তরের জন্য বিআইডব্লিউটিএ বেশ কয়েকবার চিঠি দিলেও প্রশাসন কোনো কর্ণপাত করছে না বলে অভিযোগ উঠেছে। আর নদীবন্দর চালু হলে জনপ্রতি টোল দিতে হবে ১০ টাকার স্থলে মাত্র দুই টাকা করে। এতে উপকৃত হবে মহেশখালীর চার লাখ মানুষ। কিন্তু প্রশাসনিক অসহযোগিতার কারণে নদীবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএ চট্টগ্রাম বন্দর ও পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, কক্সবাজারের বাঁকখালী নদীকে ঘিরে নদীবন্দর প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১০ সালের ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির নির্দেশক্রমে এক গেজেট প্রকাশিত হয় এবং বাঁকখালী নদীকে নদীবন্দর ঘোষণা করা হয়। এতে কক্সবাজার কস্তুরাঘাট থেকে মহেশখালী চ্যানেলের মুদিরছড়া পর্যন্ত নদীবন্দরের সীমানা নির্ধারণ করে মহেশখালীর দুটি জেটি বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করতে বলা হয়। কিন্তু আড়াই বছরেও স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত এ দুই জেটি হস্তান্তর করেনি। আর কস্তুরাঘাট থেকে মহেশখালী চ্যানেলের মুদিরছড়া পর্যন্ত নদীর দুই পাড়ে জরিপ করা প্রায় ৭০০ একর সরকারি খাসজমি বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর করার জন্য বেশ কয়েকবার কক্সবাজার জেলা প্রশাসকের কাছে চিঠি দিলেও কোনো কাজ হয়নি। এ কারণে নদীবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহেশখালীর এলজিইডির অর্থায়নে নির্মিত গোরকঘাটা ও আদিনাথ জেটি বিআইডব্লিউটিএতে হস্তান্তর করার জন্য ২০১১ সালের ১৮ জানুয়ারি বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মোহামঞ্চদ মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, সরকার বাঁকখালী নদীকে নদীবন্দর ঘোষণা করেছে। এতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিআইডব্লিউটিএ বাঁকখালী নদীতে বয়া, বাতি, বিকন, মার্কা, জেটি ড্রেজিং ও জেটি সংস্কারসহ নৌ চলাচল ও যাত্রী সাধারণের ওঠা-নামার ব্যবস্থা করবে। কিন্তু জেটি ও জমি হস্তান্তর না হওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, নদীবন্দরের ঘোষণা শুনে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত হয়। কিন্তু এর সুফল পাচ্ছে না স্থানীয় জনগণ। জেটি হস্তান্তর হলে যাত্রীকে টোল দিত হতো মাত্র দুই টাকা। কিন্তু প্রশাসনকে এখন দিতে হচ্ছে জনপ্রতি ১০ টাকা করে। আর ভাটার সময় পারাপার করতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। মহেশখালী স্পিড বোট মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, নদীবন্দর ঘোষণা হওয়ার পর থেকে প্রশাসন এ দুই জেটি বিআইডব্লিউটিএর কাছে হস্তান্তর না করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। এ কারণে আড়াই বছরেও হস্তান্তর হয়নি। উপপরিচালক মোহামঞ্চদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘মহেশখালীর দুই জেটি ও বন্দরে দুই পাড়ে প্রায় ৭০০ একর সরকারি খাসজমি হস্তান্তর করার জন্য বেশ কয়েকবার উপজেলা ও জেলা প্রশাসনকে চিঠি দিয়েছি। কিন্তু আন্তমন্ত্রণালয়ের সিদ্ধান্তের অজুহাত দেখিয়ে প্রশাসন এগুলো হস্তান্তর করেনি। এ কারণে নদীবন্দর কার্যক্রম বন্ধ রয়েছে।’ মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, ‘জেটি হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। আর ওখান থেকে নির্দেশনা না আসা পর্যন্ত জেটি হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।’