কক্সবাজারের রামু উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধমন্দির সড়কের সংস্কারকাজ প্রায় আড়াই বছরেও শুরু করা হয়নি। ফলে বৌদ্ধবিহার দেখতে আসা পর্যটক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় বর্তমানে স্থানীয় লোকজনের কাছে এটি ‘ভাইব্রেশন সড়ক’ নামে পরিচিতি পেয়েছে। স্থানীয় বাসিন্দা রণজিৎ বড়ুয়া ও মোহাম্মদ ফরহাদ জানান, বৌদ্ধ পুরাকীর্তি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য সারা দেশের মধ্যে বিখ্যাত রামু উপজেলা। আর এসব পুরাকীর্তির মধ্যে প্রধান পাঁচটি বৌদ্ধবিহার এ সড়কেই অবস্থিত। তাই বছরব্যাপী এ সড়কে দেশি-বিদেশি পর্যটকদের থাকে আনাগোনা। কিন্তু সড়কটির এই দুরবস্থার কারণে এখন পর্যটক কমে গেছে। তাঁরা জানান, এ সড়ক শুধু পুরাকীর্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, জেলার সবচেয়ে বড় ফকিরাবাজার, বাঁশবাজার ও পার্বত্য উপজেলা নাইক্ষ্যংছড়ি ও রামুর পূর্বাঞ্চল গর্জনিয়া, কচ্ছপিয়া ইউনিয়নের প্রায় এক লাখ মানুষের চলাচলের প্রধান পথ হলো এই সড়ক। কিন্তু সড়কটির বেহাল অবস্থা দেখলে মনে হয়, এ দেশে কোনো সরকার নেই। সরেজমিনে দেখা যায়, চৌমুহনীসংলগ্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়, হেলালী ফার্নিচার, মৈত্রীবিহার গেট, চেরাংঘাটাসহ সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে গর্তগুলো ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। ওই এলাকার শিক্ষক সুগত রঞ্জন বড়ুয়া ও ব্যবসায়ী জেহাদ হাসান ওরফে সম্রাট ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটির অবস্থা বেহাল হওয়ায় বাড়তি টাকা দিলেও রিকশাচালকেরা এ সড়কে যেতে চান না। প্রসূতি মা, রোগী ও বৃদ্ধদের কাছে সড়কটি এখন এক আতঙ্কের নাম। এ সড়কে পৌঁছালে তাঁদের যন্ত্রণা বেড়ে যায়। অনেকের গর্ভের সন্তানও নষ্ট হয়ে গেছে।