রাজধানীর ডেমরার বামইলে আড়াই বছরের শিশু মাহিনকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে শিশুটির মা লিজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বামইলের একটি বাসার দরজার তালা ভেঙে মাহিনের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওই বাসা থেকে তার মা লিজাকে আটক করা হয়। তবে সৎবাবা হূদয় পালিয়ে গেছেন। এ ব্যাপারে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে লিজা ও হূদয়কে আসামি করে হত্যা মামলা করেছেন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন বলেন, লিজা প্রথমে হত্যার দায় এড়াতে চাইলেও পরে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে লিজা বলেছেন, মাহিন তাঁর আগের ঘরের সন্তান। মাহিনের বাবার সঙ্গে ছাড়াছাড়ি হলে তিনি বই বাঁধাইকারী হূদয়কে বিয়ে করেন। এরপর তাঁরা বামইলে বাসা ভাড়া নেন। মাহিন তাঁদের সঙ্গে থাকত। কিন্তু মাহিনকে সন্তান হিসেবে মেনে নিতে পারছিলেন না হূদয়। পরিকল্পনা অনুযায়ী গতকাল সকালে তাঁরা দুজনে গলাটিপে হত্যা করেন মাহিনকে। এরপর বাসায় তালা দিয়ে বাইরে চলে যান। ওসি জানান, হত্যার দায় হূদয়ের ওপর চাপাতে লিজা এই নাটক সাজিয়েছেন বলে জানিয়েছেন।