আড়াই বছরের শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন
আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. খুরশীদ আলম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. সেলিম মিয়া এ রায় দেন।
আদালত সূত্র জানায়, বায়েজিদ থানাধীন একটি এলাকায় পাশাপাশি ঘরে থাকতেন আসামি খুরশিদ আলম ও ধর্ষণের শিকার শিশুটির পরিবার। ২০১১ সালের ৬ মে খুরশীদ শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেন। একই বছরের ৩১ জুলাই এ ঘটনায় পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ২০১২ সালের ১৮ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠন করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে আসামি হাজতে আছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা গেছে। এ মামলায় সাতজন সাক্ষ্য দিয়েছেন। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।