আড়াই মাস ধরে চা-শ্রমিকদের অবসরভাতা দেওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা-শ্রমিক ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড) কার্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। আড়াই মাস ধরে তিন শতাধিক শ্রমিকের অবসরকালীন পাওনা আটকে আছে। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রকের (কন্ট্রোলার) শূন্য পদে নিয়োগ না হওয়ায় এ অচলাবস্থা দেখা দিয়েছে।চা-শ্রমিকদের ভবিষ্য তহবিলে প্রায় ২৪০ কোটি টাকা জমা আছে। দেশের ১৬৫টি চা-বাগানে কর্মরত প্রায় ৮৫ হাজার নিবন্ধিত শ্রমিকের এককালীন অবসরভাতা এখান থেকেই দেওয়া হয়।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা-বাগানের শ্রমিক অজয় রবিদাস, সিলেটের কালাগুল চা-বাগানের শ্রমিক বিফলা, ব্রজেন্দ্র, যাদব ও অশোক কুর্মী, শ্রীমঙ্গলের রাজঘাট চা-বাগানের সুমিত্রা তাঁতিসহ আরও কয়েকজন শ্রমিক জানান, তিন মাস ধরে তাঁদের ঘোরানো হচ্ছে। টাকা না পাওয়ায় কারও চিকিৎসা ব্যাহত হচ্ছে। কারও মেয়ের বিয়ে আটকে আছে।জানা যায়, শ্রীমঙ্গলের চা-শিল্প শ্রমকল্যাণ বিভাগ কার্যালয়ের উপ-শ্রম পরিচালক মোজাম্মেল হোসেন চা-শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ের নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। গত ১১ জানুয়ারি তিনি শ্রীমঙ্গল থেকে বদলি হন। ২৬ জানুয়ারি ওই কার্যালয়ের উপপরিচালক হিসেবে গিয়াস উদ্দিন যোগ দেন। কিন্তু তাঁকে কার্যালয়ের নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়নি।শ্রমিকেরা জানান, চা-শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয় প্রতিষ্ঠার পর থেকে শ্রীমঙ্গলের চা-শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপ-শ্রম পরিচালককেই ওই কার্যালয়ের নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রতিষ্ঠানটি নয় সদস্যের একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত। শ্রম পরিদপ্তরের শ্রম পরিচালক পদাধিকারবলে এ বোর্ডের চেয়ারম্যান। নিয়ন্ত্রক ও ট্রাস্টি বোর্ডের একজন সদস্যের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাব পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন টি-এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মাহবুব রেজা এবং চা-শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি বিজয় বুনারজি। এ দুজনের কেউই প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রক বদলি হওয়ার পর থেকে কর্মকতা-কর্মচারীর বেতন-ভাতার চেক ছাড়া অন্য কোনো চেকে সই করছেন না। ফলে শ্রমিকেরা তাঁদের এককালীন অবসরভাতা পাচ্ছেন না। শ্রমিকেরা অভিযোগ করেন, ‘প্রভিডেন্ট ফান্ড অফিসে গেলে আমাদের চা-শ্রমিক ইউনিয়ন অফিসে যেতে বলা হচ্ছে।’ জানতে চাওয়া হলে চা-শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ের সহকারী নিয়ন্ত্রক মুক্তার হোসেন বলেন, ট্রাস্টি বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা কর্মচারীদের বেতন বাদে অন্য কোনো চেকে সই না করায় তিন শতাধিক শ্রমিকের আবেদনের নিষ্পত্তি করা যাচ্ছে না।ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুব রেজা বলেন, ‘কোটি কোটি টাকার দায়-দায়িত্ব কে নেবে? সহকারী নিয়ন্ত্রক হিসেবে যিনি কর্মরত আছেন, তাঁর নিয়োগ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে হয়েছে। এ প্রতিষ্ঠানের সব কাজ করার এখতিয়ার তাঁর নেই। নিয়ন্ত্রক পদে প্রথম শ্রেণীর পদমর্যাদার সরকারি কর্মকর্তা থাকার বিধান রয়েছে।’ ট্রাস্টি বোর্ডের অপর সদস্য বিজয় বুনারজি বলেন, ‘এ প্রতিষ্ঠানটির তহবিলে প্রায় ২৪০ কোটি টাকা রয়েছে। ১৯৬০ সাল থেকেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে শ্রম পরিদপ্তরের শ্রম পরিচালক এবং চা-শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ের নিয়ন্ত্রক হিসেবে উপ-শ্রম পরিচালক পদমর্যাদার সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। কিন্তু এবারই প্রথম উপ-শ্রম পরিচালককে এ দায়িত্ব দেওয়া হয়নি। বিষয়টি রহস্যজনক।’ ট্রাস্টি বোর্ডের এ দুই সদস্য জানান, অচলাবস্থা নিরসনে অবিলম্বে চা-শিল্প শ্রমকল্যাণ বিভাগের উপ-শ্রম পরিচালককে নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে গত ২১ মার্চ লিখিতভাবে জানিয়েছেন তাঁরা। কিন্তু এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।