আড়াই মাস আগে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন। তখন ফুটপাতের নিচ দিয়ে যাওয়া নালা-নর্দমার ঢাকনা সরিয়ে ওগুলোও পরিষ্কার করা হয়। সেই ঢাকনা পুনরায় আর স্থাপন করা হয়নি। এতে করে চলাফেরা করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
সিটি করপোরেশন অবশ্য জানিয়েছে, মাস খানেকের মধ্যে ফুটপাতগুলোকে হাঁটার উপযোগী করতে উন্নত একটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে।
নগরবাসী জানান, গত বছরের ১৮ অক্টোবর এই সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব নেন। এরপর তিনি নগরের বন্দরবাজার, জিন্দাবাজার, সিটি পয়েন্ট ও পোস্ট অফিসের সামনের বেদখল হওয়া ফুটপাতগুলো দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালান। দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ায় সে সময় নগরবাসীর প্রসংশা কুড়ান মেয়র। সে সময় দখলমুক্ত হওয়ার পর নগরের বন্দরবাজার এলাকার দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিটি করপোরেশন ও পোস্ট অফিসের সামনের ফুটপাত স্টিলের বেষ্টনী দিয়ে আলাদাভাবে চিহ্নিত করা হয়। সেই সঙ্গে ওই অংশের নালা-নর্দমাগুলোর ঢাকনা সরিয়ে পরিষ্কার করা হয়। আড়াই মাস আগে এই অভিযান শেষ হলেও ঢাকনাগুলো আর পুনরায় যথাস্থানে স্থাপন করা হয়নি। এতে ফুটপাত ধরে মানুষকে চলাফেরা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ফলে মেয়রের কাজের প্রতি মুগ্ধতা ধরে রাখতে পারছে না এলাকাবাসী।
বন্দরবাজার এলাকার ব্যবসায়ী সুয়াইবুর রহমান বলেন, ‘আড়াই মাস আগে নর্দমার ঢাকনা সরানো হলেও এখন পর্যন্ত ফুটপাত দিয়ে হাঁটা যায় না। ফুটপাত দখলমুক্ত করাটা ভালো হলেও নগরবাসী এখনো এর সুফল ভোগ করতে পারছে না।’
সিটি করপোরেশন সূত্র জানায়, ফুটপাতগুলো যাতে আগের চেহারায় কখনোই ফিরে যেতে না পারে, সে জন্য একটি অত্যাধুনিক মানের প্রকল্প নেওয়া হয়েছে।