আড়াই মাস পর জট খুলেছে হত্যারহস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পোর্ট সিটি ইউনিভার্সিটির ছাত্রী মুন্নি আক্তার হত্যার আড়াই মাস পর রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। হত্যায় জড়িত থাকার অভিযোগে মুন্নির সাবেক এক সহপাঠী রমজান আলী ওরফে রাহাতকে (২৮) গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। গত বুধবার আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে কীভাবে ও কেন মুন্নিকে খুন করা হয়েছে, তাঁর বিবরণ দেন। হত্যাকাণ্ডে ছয়জন অংশ নেন বলে জানান তিনি।
সীতাকুণ্ডের ইকোপার্কে বেড়াতে নেওয়ার কথা বলে গত ১৩ মে খুন করা হয় মুন্নিকে। প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার চার-পাঁচ দিন পর মুন্নির লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। নগরের বাকলিয়া এলাকায় খালার বাসায় থেকে পড়ালেখা করতেন তিনি। তাঁর বাবা প্রবাসী।
মামলার তদন্ত কর্মকর্তা ও সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, জবানবন্দিতে গ্রেপ্তার রমজান স্বীকার করেন নগরের একটি টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ার সময় তাঁর সঙ্গে মুন্নির পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় বছর পর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। পরে মুন্নি পোর্ট সিটি ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে অন্য এক সহপাঠীর সঙ্গে মুন্নির সম্পর্ক তৈরি হয় বলে জবানবন্দিতে বলেছেন রমজান। এ নিয়ে জটিলতা তৈরি হয় অন্য বন্ধুদের সঙ্গে। এ কারণে তাঁরা ছয়জন মিলে মুন্নিকে হত্যার পরিকল্পনা করেন। বাকি পাঁচজন রমজানের পরিচিত।
তদন্ত কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, রমজানের বাড়ি নগরের পোর্ট কানেকটিং রোড এলাকায়। হত্যাকাণ্ডে জড়িত বাকি পাঁচ আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।