আড়াই মাস পর সিএমএম নিয়োগের জট খুলল
অবশেষে সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে নিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের পরামর্শমতো ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) পদে শেখ হাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে ওই পদে নিয়োগ দেওয়া নিয়ে আড়াই মাসের অচলাবস্থা অবশেষে কাটল।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা জজ শেখ হাফিজুর রহমানকে সিএমএম পদে নিয়োগ দিয়ে সরকারি আদেশ জারি করা হয়েছে।
এর আগে গত রোববার আইন ও বিচার মন্ত্রণালয়ের মনোনীত বিচারকের নাম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের জিএ কমিটি চতুর্থবারের মতো নাকচ করে দেয়।
মন্ত্রণালয় সূত্র জানায় গত ৭ এপ্রিল আইন মন্ত্রণালয় সিএমএম পদে ঢাকার মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) মো. মাহবুবার রহমান সরকারের নাম প্রস্তাব করে। গত ১৬ এপ্রিল সুপ্রিম কোর্ট তাতে একমত না হয়ে ওই পদে চাঁদপুরের অতিরিক্ত জেলা জজ অরুণাভ চক্রবর্তীকে নিয়োগের পরামর্শ দেন। কিন্তু আইন মন্ত্রণালয় তা না মেনে গত ১১ মে সিএমএম পদে মাহবুবার রহমানের নাম প্রস্তাব করে দ্বিতীয়বার চিঠি দেয়। সুপ্রিম কোর্ট গত ১৭ মে তা নাকচ করে আগের সিদ্ধান্তে স্থির থাকেন। পাঁচ দিন পর ২১ মে আইন মন্ত্রণালয় তৃতীয়বারের মতো সুপ্রিম কোর্টের পরামর্শ তামিল করতে অপারগতা প্রকাশ করে। মন্ত্রণালয় এবার জামালপুরের সিজেএম মো. মজিবুর রহমানকে ঢাকার সিএমএম হিসেবে বদলির সুপারিশ করে। গত ২৩ মে সুপ্রিম কোর্ট তা নাকচ করে অরুণাভ চক্রবর্তীর পরিবর্তে ঢাকার অতিরিক্ত জেলা জজ শেখ হাফিজুর রহমানকে নিয়োগের সুপারিশ করেন। আইন মন্ত্রণালয় তা না মেনে গত ১৪ জুন সিএমএম পদে আগেই নাকচ করে দেওয়া মো. মাহবুবার রহমান সরকার ও মো. মজিবুর রহমানের মধ্যে যেকোনো একজনের নাম পুনর্বিবেচনা করতে অনুরোধ জানায়।
আইন মন্ত্রণালয় এবার যুক্তি দেখায়, শেখ হাফিজুর রহমানের চেয়ে ওই দুজন আগে পদোন্নতি পেয়েছেন। এ ছাড়া হাফিজুরের বিচারিক হাকিম হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা নেই। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান সিএমএম বিকাশ কুমার সাহাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা মানা হয়নি। তাঁরও বিচারিক হাকিম পদে কাজের পূর্ব অভিজ্ঞতা ছিল না। আর সেই প্রস্তাব আইন মন্ত্রণালয় থেকে এলে সুপ্রিম কোর্ট একমত হয়েছিলেন।
জিএ কমিটির সবশেষ সভায় সরকারের ওই প্রস্তাব প্রথামাফিক কোনো কারণ না দেখিয়ে নাকচ করা হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জিএ কমিটি চার বিচারপতিকে নিয়ে গঠিত। অন্য তিনজন হলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি ওবায়দুল হাসান।