আড়াই মাসে ক্ষতি ৪৯০০ কোটি টাকা
জানুয়ারি থেকে মধ্য মার্চ মাস পর্যন্ত আড়াই মাসের রাজনৈতিক অস্থিরতায় উৎপাদনব্যবস্থায় ৪ হাজার ৯০০ কোটি টাকার ক্ষতি হয়েছে; যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) দশমিক ৫৫ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা না থাকলে সমপরিমাণ পণ্য ও সেবা উৎপাদিত হতো, যা জিডিপিতে যোগ হয়ে এর আকার বড় করত।
গতকাল রোববার এ তথ্য দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। ওই সময়ে প্রধান নয়টি খাতে উৎপাদনে কী পরিমাণ ক্ষতি হয়েছে, সেটা বিবেচনায় এনে উৎপাদন ক্ষতির হিসাব করেছে সিপিডি। সিপিডি জানিয়েছে, এটি তাদের রক্ষণশীল হিসাব। এটি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ফলে সামগ্রিক অর্থনৈতিক ক্ষতির চিত্র নয়। শুধু জিডিপিতে যেটুকু ক্ষতি হয়েছে, তার হিসাব করেছে সংস্থাটি। সম্পদের ক্ষতির হিসাব এখানে অন্তর্ভুক্ত হয়নি।
মহাখালীর ব্র্যাক সেন্টারে বাজেট প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হিসাবটি দিয়েছে সিপিডি। সিপিডি বলছে, জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত ৮১ দিন অবরোধ ও ৬৭ দিন হরতাল হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বস্ত্র খাতে। এ খাতের ক্ষতি ১ হাজার ৩১৮ কোটি টাকা। এরপর সবচেয়ে বেশি ক্ষতি পর্যটন খাতে। এ খাতে ক্ষতির পরিমাণ ৮২৫ কোটি টাকা। এ ছাড়া পরিবহনে ৭৪৪ কোটি টাকা, চিংড়িশিল্পে ৭৪১ কোটি, পোলট্রিশিল্পে ৬০৬ কোটি, পাইকারি ও খুচরা ব্যবসায় ৪৪৮ কোটি, কৃষিতে ৩৯৮ কোটি, প্লাস্টিকশিল্পে ২৪৪ কোটি টাকা এবং ব্যাংক ও আর্থিক খাতে ১৫৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সিপিডি আরও বলছে, যেসব খাতের ক্ষতির হিসাব দেওয়া হয়েছে, সেসব খাত জিডিপিতে প্রায় ৬০ শতাংশ অবদান রাখে। ক্ষতিগ্রস্ত সব খাত হিসাবে আনা হলে এই ক্ষতির পরিমাণ আরও বাড়ত। আসন্ন বাজেটে এসব উৎপাদন ক্ষতির বিষয়টিতে বিশেষ নজর দিতে হবে।
সিপিডি সুপারিশ করে বলেছে, হরতাল-অবরোধের ক্ষতির কারণে বহু কৃষক সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি। ঋণ পুনঃ তফসিলের সুযোগ দিতে পারে কেন্দ্রীয় ব্যাংক। যেসব পরিবহনে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব পরিবহন মালিকদের স্বল্পসুদে ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ ছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ক্ষতি পোষাতে ঋণ পুনঃ তফসিল ও স্বল্প সুদে ঋণ দেওয়ার সুপারিশও করেছে সিপিডি।
সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘সিপিডি মনে করে, চলতি অর্থবছরে (২০১৪-১৫) জিডিপির প্রবৃদ্ধি ৬ শতাংশের মতো হবে। এই ক্ষতি না হলে সেটা সাড়ে ৬ শতাংশ হতে পারত।’
উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার ওপর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ক্ষয়ক্ষতির নানা হিসাব দিয়েছে। ১৬টি ব্যবসায়ী সংগঠনের তথ্য নিয়ে এফবিসিসিআইয়ের এক হিসাবে দেখা যায়, হরতাল ও অবরোধে প্রতিদিনের ক্ষতি ২ হাজার ২৭৮ কোটি টাকা, যা প্রতিদিন জিডিপিতে উৎপাদিত পণ্য ও সেবার সাড়ে ৬১ শতাংশ। সিপিডি মনে করছে, ব্যবসায়ীদের হিসাব বিবেচনায় আনলে বছর শেষে জিডিপির প্রবৃদ্ধি ঋণাত্মক হবে। তাই এ হিসাব বাস্তবসম্মত নয়। কোনো সুনির্দিষ্ট পদ্ধতির ওপর ভিত্তি করে এগুলো তৈরি হয়নি। অনেক ক্ষেত্রে একই ক্ষতির হিসাব একাধিক খাতের মধ্যে ঢুকে গেছে।
সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, হরতাল-অবরোধ না থাকলে কী পরিমাণ উৎপাদন হতো, সেই আলোকে এ হিসাব করা হয়েছে। ইতিপূর্বে যেসব প্রতিষ্ঠান ক্ষতির অনুমিত হিসাব দিয়েছে, তাদের পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা নেই। প্রথমত, সব নষ্ট হয় না। আবার কিছু কিছু ক্ষতি রয়েছে, যা প্রতিস্থাপন করা হয়েছে।
সিপিডির হিসাবের ধরনকে ব্যাখ্যা করে মোস্তাফিজুর রহমান বলেন, একটা বাস যখন ধ্বংস হয়ে যায়, তখন তা সম্পদের ক্ষতি। ওই বাসের সেবা থেকে জিডিপিতে যেটুকু যোগ হতো, তা হলো উৎপাদন ক্ষতি। সিপিডি ইনপুট-আউটপুট মডেলের মাধ্যমে এ হিসাব বের করেছে। তবে তারা বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে তথ্য নিয়েছেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান।