আড়াই মাসেই সব রাস্তা যান চলাচলের উপযোগী হবে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সব ভাঙাচোরা রাস্তা, সেতু ও কালভার্ট আড়াই মাসের মধ্যেই যানবাহন চলাচলের উপযোগী করা হবে।গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা, সাংসদ ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনের কাজ আগামী বছরে (২০১৩ সালে) এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সংস্কারকাজ আগামী জুন মাসের মধ্যে শেষ করা হবে বলে তিনি জানান। এ ছাড়া ময়মনসিংহ-জামালপুর সড়ক দ্রুত সংস্কার করার আশ্বাস দেন তিনি।মন্ত্রী বলেন, আগামী আড়াই মাসের মধ্যে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সফর করে সব গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনা এড়াতে দেশের সব মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক থেকে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচল বন্ধ করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংসদ মোসলেম উদ্দিন, কে এম খালিদ বাবু ও আবদুস ছাত্তার, জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার গোলাম কিবরিয়া প্রমুখ।ত্রিশালে যোগাযোগমন্ত্রী: ত্রিশাল প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের স্টক ইয়ার্ডে চার লেনের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘এ দেশে কাজ দিলে কাজ হয় না। কাজ মনিটর করতে হয়। আমি যেহেতু নিজেই এ কাজ মনিটরিং করছি, সেহেতু নির্ধারিত সময়ে কাজ শেষ হবে।’মাদারগঞ্জে যোগাযোগমন্ত্রী: জামালপুর ও মাদারগঞ্জ প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী গতকাল বিকেলে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ি এস এম সিনিয়র মাদ্রাসার মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন। এ সময় তিনি অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সড়ক, মাদারগঞ্জ যমুনা নিয়ন্ত্রণ বাঁধ, মাদারগঞ্জ-জামালপুর সড়ক প্রশস্ত এবং সড়কে পাঁচটি বেইলি ব্রিজ ভেঙে ৮ সিসি ব্রিজ নির্মাণ করার ঘোষণা দেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সরকারদলীয় হুইপ মির্জা আজম, সাংসদ মুরাদ হাছান, ফরিদুল হক খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকি বিল্লাহ প্রমুখ।