আড়াই মাসেও খোঁজ নেই ব্যবসায়ী হাসনাতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজধানীর কাফরুল থানা এলাকার বাসিন্দা আবুল হাসনাত (৪০)। গত ৯ ফেব্রুয়ারি ওই এলাকা থেকে কয়েকজন যুবক ব্যবসায়ী হাসনাতকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর হাসনাতের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করেছে। র‌্যাব ও পুলিশের দপ্তরে দপ্তরে গেছে। কিন্তু এখন পর্যন্ত ওই ব্যবসায়ীর কোনো খোঁজ দিতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিখোঁজ আবুল হাসনাতের স্ত্রী ফারহানা আফরোজ বলেন, তাঁর স্বামী ক্যান্টনমেন্ট বোর্ডের তালিকাভুক্ত ঠিকাদার। ঠিকাদারির পাশাপাশি অংশীদারি ভিত্তিতে কয়েকজনের সঙ্গে গত বছর বায়িং হাউসের ব্যবসা শুরু করেন। গত ৯ ফেব্রুয়ারি শিশুসন্তান ইসতিয়াক হাসনাতকে গাড়িতে করে ক্যান্টনমেন্ট এলাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে নিয়ে যান। সন্তানকে স্কুলে রেখে বের হওয়ার পর চার-পাঁচজন যুবক তাঁকে জোর করে জলপাই রঙের একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই।
ফারহানা বলেন, ঘটনার পর কাফরুল থানায় জিডি ও অপহরণ মামলা করা হয়। থানার পুলিশ ঘটনার কোনো সুরাহা করতে না পারায় মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
স্ত্রী ফারহানার ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব অথবা বায়িং হাউসের কারও সঙ্গে শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে।
যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার বলেন, আবুল হাসনাতকে উদ্ধারের চেষ্টা চলছে। এখনো কোনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।