আড়াই মাসেও খোঁজ মেলেনি বাকপ্রতিবন্ধী যুবকের
রাজধানীর মীরহাজিরবাগে পৈতৃক বাড়ির সামনে থেকে নিখোঁজ হওয়ার আড়াই মাস পরও আংশিক বাকপ্রতিবন্ধী যুবক মাহতাব হোসেন ওরফে সজলের (২৮) খোঁজ মেলেনি। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।নিখোঁজের স্বজনদের অভিযোগ, পৈতৃক বাড়ির মালিকানা থেকে বঞ্চিত করতে তাঁকে অপহরণ করা হয়েছে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, যুবককে উদ্ধারে সব ধরনের পন্থা অবলম্বন করেছে পুলিশ। তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেলে সে বিষয়ে তদন্ত করা হবে।পারিবারিক সূত্র জানায়, মাহতাব পৈতৃক বাড়িতে তাঁর ভাই নাজমুল হাসানের সঙ্গে থাকতেন। গত ২৮ আগস্ট বাসার সামনে থেকে মাহতাব নিখোঁজ হন। তিনি স্পষ্ট করে কথা বলতে পারেন না। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল চেক ফুল শার্ট ও ক্রিম রঙের ফুল প্যান্ট। তাঁর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। তাঁর নিখোঁজ হওয়ার ব্যাপারে ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় জিডি করা হয়। কিন্তু বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পায়নি পুলিশ কিংবা স্বজনেরা।মাহতাবের বোন শারমিন আখন্দ বলেন, ভাইকে উদ্ধারের সহায়তায় তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টার সঙ্গেও দেখা করেছেন।মাহতাবের আরেক বোন কলেজশিক্ষিকা জুয়েল জেবুননেসা খান প্রথম আলোকে বলেন, তাঁদের এক আত্মীয় মাহতাবকে সহ্য করতে পারতেন না। মাহতাব নিখোঁজ হওয়ার পর ওই আত্মীয় এ ব্যাপারে খোঁজও নেননি।