আড়াই মাসেও গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় আড়াই মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে দায়িত্বে অবহেলার অভিযোগে শাহবাগ থানার একজন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এ ছাড়া পুলিশের গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী চারজন কর্মকর্তাকে সতর্ক করা হয়েছে।
গত ১৪ এপ্রিল বর্ষবরণের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারীদের লাঞ্ছনার অভিযোগ ওঠে। ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতা-কর্মী নিপীড়কদের রুখতে গিয়ে আহতও হন। তাঁদের দাবি, দুজন নিপীড়নকারীকে আটক করে তাঁরা টিএসসিতে কর্তব্যরত পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু পুলিশ পরে তাদের ছেড়ে দেয়। একাধিকবার ডাকার পরও কর্তব্যরত পুলিশ সদস্যরা নিপীড়কদের ধরতে আসেননি। লাঞ্ছনার ঘটনা আদৌ ঘটেছে কি না, তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করলেও পরে টিএসসিতে পুলিশের স্থাপন করা সিসি ক্যামেরাতেই লাঞ্ছনার কিছু দৃশ্য ধরা পড়ে। সেই সিসি টিভির ফুটেজ থেকে ঘটনায় জড়িত হিসেবে আটজনের ছবি চিহ্নিত করলেও এদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ১৬ এপ্রিল পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করে। সেই মামলাটি এখন তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত দেখভালের দায়িত্বে থাকা ডিবির একজন কর্মকর্তা বলেন, ‘এখন পর্যন্ত আটজন সন্দেহভাজনের ছবি দিয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেও কোনো লাভ হয়নি। কেউই কোনো তথ্য দিতে এগিয়ে আসেনি। ছাত্র ইউনিয়নের কয়েকটা ছেলে ছাড়া এ ঘটনার কোনো সাক্ষীও মেলেনি। কেউই সাহস করে বলতে আসেনি যে তার সামনেই ঘটনাটা ঘটেছে। এমনকি কোনো ভুক্তভোগীরও সন্ধান মেলেনি। কেউই ফোন করে ডিবিকে কোনো তথ্য দেয়নি।’
পুলিশের অবহেলা ছিল: নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছিল কি না এবং সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়দায়িত্ব নিরূপণের জন্য গত ১৯ এপ্রিল তিন সদস্যের একটি কমিটি গঠন করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ইব্রাহিম ফাতেমির নেতৃত্বে গঠিত এ কমিটি গত ৭ মে তাদের তদন্ত প্রতিবেদন কমিশনারের কাছে জমা দেয়। প্রতিবেদনে টিএসসি এলাকায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা ছিল বলে উল্লেখ করা হয়।
ডিএমপির উপকমিশনার (শৃঙ্খলা) টুটুল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের অবহেলাকে দায়ী করা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত), রমনা বিভাগের সহকারী কমিশনার, অতিরিক্ত উপকমিশনার ও উপকমিশনারকে সতর্ক করা হয়েছে, যাতে তাঁরা ভবিষ্যতে ভালোভাবে নজরদারি করেন।