আড়াই লাখ টাকা দিয়ে মুক্তি পেলেন দুই ব্যবসায়ী
মুক্তিপণের আড়াই লাখ টাকা পরিশোধ করে ছাড়া পেয়েছেন বগুড়ার শেরপুর উপজেলার পারভবানীপুর গ্রামের পুরোনো শ্যালো মেশিনের ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫৫) ও হাবিল উদ্দিন (৪৮)। গত রোববার সকাল ১০টায় তাঁরা বাড়ি ফিরেছেন।অপহূত রফিকুল ইসলাম ও হাবিল উদ্দিন জানান, গত ২৭ অক্টোবর মোবাইল ফোনে পুরোনো শ্যালো মেশিন বিক্রির কথা বলে অপহরণকারীরা তাঁদের ডেকে নেয়। এরপর তারা চোখ বেঁধে একটি ঘরে আটকে রাখে এবং ঘুমের ওষুধ খাওয়ায়। ১০ দিন পর গত রোববার সকালে অপহরণকারীরা তাঁদের ১০০ টাকা দিয়ে নাটোরের একটি স্টেশন থেকে রেলগাড়িতে তুলে দেয়। এরপর তাঁরা বগুড়ার সান্তাহার রেলস্টেশনে নেমে বাড়ি ফিরে আসেন। অপহরণকারীরা তাঁদের কাছ থেকে ৬৪ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও মোবাইল ফোনের দুটি সেট নিয়ে নেয়।এ ঘটনায় ৩০ অক্টোবর অপহূত রফিকুল ইসলামের ভগ্নিপতি ফজলুল হক সরকার বাদী হয়ে শেরপুর থানায় অপহরণ মামলা করেন। ফজলুল হক সরকার বলেন, ২৭ অক্টোবর সকালে মেশিন কেনার জন্য তাঁরা ওই টাকা ও মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর ২৮ অক্টোবর অপহরণকারীরা মোবাইল ফোনে তাঁদের কাছে প্রথমে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অবশেষে গত শনিবার সন্ধ্যার দিকে অপহরণকারীদের কথামতো নাটোরের লালপুর উপজেলার একটি তেমাথা মোড়ের গাছের নিচে আড়াই লাখ টাকা রেখে আসা হয়। এই গাছের চারপাশে বিশাল এলাকাজুড়ে আখের খেত।থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা শুরু হয়েছে। অপহূতদের পরিবারের কাছ থেকে অপহরণকারীদের গত শনিবার সন্ধ্যায় আড়াই লাখ টাকা দেওয়ার কথা শুনেছি।’