আড়াই লাখ টাকার গাছ ২৫ হাজারে বিক্রি!
রাঙামাটির কাউখালী উপজেলার বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) প্রায় আড়াই লাখ টাকার ছয়টি গাছ বিক্রি করে দেওয়ার পর করাতকল থেকে উদ্ধার করা হয়েছে। বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলীর মৌখিক অভিযোগের ভিত্তিতে এসব গাছ আটক করার বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী কমলেশ সরকার অভিযোগ করেন, হাতেম আলী দীর্ঘদিন ধরে উপজেলার বিটিসিএলের জায়গা দখল করে বসবাস করছেন। তিনি গত শনিবার গাছগুলো নিজের বলে বিক্রি করে দেন। পরে পুলিশকে বলে সেগুলো আটক করা হয়েছে। কাঠগুলো রোববার বেলা দুইটার দিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।ব্যবসায়ী আবদুল মান্নান মুঠোফোনে বলেন, ‘গাছগুলো কার, সেটা আমি জানি না। সেগুলোর জন্য আবদুল রশীদ খন্দকারকে শ্রমিক খরচসহ ৩০ হাজার টাকা দিয়েছি। কথা ছিল তিনি গাছগুলো কেটে আমার কাছে এনে দেবেন।’জানা গেছে, হাতেম আলী স্থানীয় আবদুল রশীদ খন্দকারের মধ্যস্থতায় রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট এলাকার কাঠ ব্যবসায়ী আবদুল মান্নানের কাছে বিটিসিএলের জায়গা থেকে তিনটি সেগুন ও তিনটি কাঁঠালগাছ ২৫ হাজার টাকায় বিক্রি করেন। পরে গত শনিবার সকাল থেকে আবদুল মান্নান সাতজন শ্রমিক দিয়ে কাঠগুলো কাটা শুরু করেন। এ সময় বিটিসিএলের স্থানীয় কার্যালয়ের কেউ গাছ কাটতে বাধা দেননি বলে শ্রমিকেরা দাবি করেন। তবে স্থানীয় কিছু লোকের বিষয়টি সন্দেহ হলে তাঁরা সাংবাদিকদের জানান। সাংবাদিকেরা সেখানে গেলে হাতেম আলী গাছগুলো ২৫ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন। শ্রমিক আক্কাস বলেন, ‘গাছ কাটতে রানীরহাটের আবদুল মান্নান তাঁদের কাজ দিয়েছেন। সেগুলো সরকারি না কার, তা আমাদের জানার কথা নয়।’স্থানীয় কাঠ ব্যবসায়ী মো. নুরুল হুদা ও শামসুদ্দিন জানান, ছয়টি গাছের দাম কমপক্ষে আড়াই লাখ টাকা। তাছাড়া সরকারি অনুমতি ছাড়া সেগুনগাছ কাটা আইনত দণ্ডনীয়।ওসি শ্যামল কান্তি বড়ুয়া বলেন, গাছগুলো কে বিক্রি করেছে, তা জানা ছিল না। তবে বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী বিষয়টি মৌখিকভাবে অভিযোগ করার পর শনিবার রাতে করাতকল থেকে আটক করা হয়েছে।