চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষকের বাসা থেকে উদ্ধার করা গৃহপরিচারিকা শাহিনা আক্তারের (১৪) লাশ নিয়ে গতকাল শনিবার তার গ্রামের বাড়ি বাড়বকুণ্ডে নেওয়া হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামবাসী। তারা ওই শিক্ষক ও তার স্বজনদের গ্রেপ্তারের দাবি জানায়।পরে স্থানীয় বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠকে শাহিনার পরিবারকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়। ভাটিয়ারী বিএমএ উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাসুদ হোসেন এ ক্ষতিপূরণ দেবেন। মাসুদের পক্ষে তাঁর শ্যালক মহিউদ্দিন আহমেদ সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন। গত শুক্রবার শিক্ষক মাসুদের বাসা থেকে গৃহপরিচারিকা শাহিনার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে শাহিনার মা চেমনা খাতুনকে বাড়বকুণ্ড থেকে ভাটিয়ারী নিয়ে একটি সাদা কাগজে জোর করে সই নেওয়া হয় বলে অভিযোগ করে স্থানীয় লোকজন। জানা গেছে, ময়নাতদন্তের পর গতকাল বিকেল চারটার দিকে শাহিনার লাশ বাড়বকুণ্ডে নিয়ে গেলে স্বজন ও স্থানীয় লোকজন লাশ গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ শুরু করে। লাশ নিয়ে আসেন মহিউদ্দিন। বিক্ষুব্ধ লোকজন এ সময় মহিউদ্দিনকে আটকে রাখে। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, শাহিনাকে খুন করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করতে এলাকায় সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা এলাকাবাসীকে শান্ত করতে গিয়ে ব্যর্থ হন। পরে সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একটি বৈঠকে বসে শাহিনার পরিবারকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইউপি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ বলেন, ‘শাহিনার পরিবার গরিব। তাই তাদের পরিবারকে আড়াই লাখ টাকা দেবে বলে মাসুদ হোসেনের পক্ষ অঙ্গীকার করেছে। এ ছাড়া পুলিশের তদন্তে তারা দায়ী হলে মামলা হবে।’ওসি নূর মোহাম্মদ বলেন, ‘সমঝোতার ঘটনা আমরা জানি না। আমাদের ময়নাতদন্তে মাসুদ পরিবারের দোষ থাকলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় ইতিমধ্যে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’