ব্র্যাক কৃষি ক্ষেত্রে মহাজনি ঋণের বৃত্ত ভাঙতে বর্গাচাষিদের জন্য ঋণ কর্মসূচি চালু করেছে। এ পর্যন্ত আড়াই লাখ বর্গাচাষিকে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্র্যাক। অন্যদিকে বাংলাদেশের গ্রামগুলোতে কাজ করছে ৯০ হাজার স্বাস্থ্যসেবিকা।গতকাল বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। ব্র্যাকের ৪০ বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ব্র্যাক আগামী পাঁচ বছর সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের ক্ষেত্রে সরকারকে বিশেষভাবে সাহায্য করবে। সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক মাহবুব হোসেন চার দশকের অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ব্র্যাক আশির দশকে বাড়িতে খাওয়ার স্যালাইন তৈরিতে মানুষকে উদ্বুদ্ধ করেছিল, যা ছিল স্বাস্থ্য ক্ষেত্রে একটি বড় উদ্যোগ। শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে এ উদ্যোগ বড় ভূমিকা রেখেছে। ৬৯ হাজার গ্রামে ৯০ হাজার স্বাস্থ্যসেবিকা কাজ করছে।মাহবুব হোসেন দাবি করেন, ব্র্যাক আড়াই লাখ বর্গাচাষিকে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তাঁদের মধ্যে প্রায় ৬০ হাজার বর্গাচাষি নারী। ব্র্যাকের আওতায় সারা দেশে প্রায় ৩৭ হাজার অনানুষ্ঠানিক স্কুল পরিচালিত হচ্ছে।ব্র্যাকের যোগাযোগ বিভাগের পরিচালক আসিফ সালেহ বলেন, ৪০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্কেস্ট্রা দল গান্ধর্বলোক ও সুরের ধারার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও কিশোরীদের জীবন গঠনের বিষয় নিয়ে সচেতনতামূলক গানের সিডি প্রকাশ করা হবে। ২৪ মার্চ ব্র্যাক দিবসের অনুষ্ঠানে ব্র্যাকের ৪০ জন কর্মীকে মূল্যবোধ পুরস্কার দেওয়া হবে। আগামী অক্টোবরে উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে।প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা এস এম কৈরী বলেন, ১৯৭২ সালে ব্র্যাকের বার্ষিক বাজেট ছিল সাত লাখ টাকা। বর্তমানে আড়াই হাজার কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। এর মধ্যে এক হাজার কোটি টাকা বৈদেশিক অনুদান।