আড়াই লাখ মানুষের জন্য চারজন চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকসহ লোকবলসংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও নানা সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ৩১ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জের হাওর এলাকার ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। আড়াই লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার জন্য এখানে নয়জন চিকিৎসক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র চারজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে পাঁচজন চিকিৎসক, ছয়জন নার্স, দুজন ল্যাবরেটরি টেকনিশিয়ান, দুজন ফার্মাসিস্ট, একজন চিকিৎসা সহকারী, একজন অফিস সহকারী-কাম মুদ্রাক্ষরিক, একজন ওয়ার্ডবয়, দুজন এমএলএসএস, দুজন আয়া, তিনজন ঝাড়ুদার, একজন গার্ডেনার, একজন মালী, দুজন কুশমশালচি, একজন গুদামরক্ষক, একজন পরিসংখ্যানবিদ, একজন ক্যাশিয়ার ও দুজন নিরাপত্তা প্রহরীর পদ শূন্য রয়েছে। এক্স-রে মেশিন বিকল এক যুগ: ১৯৯৭ সালে থানা ফাংশনাল পাইলট প্রজেক্ট থেকে এ হাসপাতালে একটি এক্স-রে মেশিন বরাদ্দ দেওয়া হলেও দুই বছর যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে এটি বিকল হয়ে যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো এটি মেরামত করা হয়নি।ডাঙ্গায় পড়ে আছে নৌ-অ্যাম্বুলেন্স: এখানকার রোগীদের চিকিৎসাসেবার মানোন্নয়নে এ হাসপাতালে একটি অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তা থাকলেও গত ১৬ আগস্ট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটি নৌ-অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়া যায়। চালকের অভাবে এক দিনের জন্যও এটি চালু করা হয়নি।ভাঙা জানালায় ঠান্ডা বাতাস: দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডের ১০-১২টি জানালার অধিকাংশ কাচের অংশ ভাঙা থাকায় এগুলো মেরামত না করায় এর ভেতর দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে পড়ায় কনকনে শীতে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।শয্যা ও যন্ত্রপাতি সংকট: ছয় মাস ধরে শয্যার তুলনায় রোগী বেশি ভর্তি হন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফলে মেঝেতে বিছানা পেতে রোগীরা চিকিৎসা নিয়ে থাকেন। এটি ৫০ শয্যায় উন্নীত করার এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ ছাড়া ইসিজি, আলট্রাসনোগ্রাম মেশিন না থাকায় বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ সারতে হয়।নৈশপ্রহরী না থাকায় উৎকণ্ঠা: নিয়মিত রোগীদের সেবা দিয়ে এলেও নৈশপ্রহরী না থাকায় হাসপাতালের ভেতরে রাতে দায়িত্ব পালনকালে কখন কী ঘটে যায়, এ নিয়ে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে সারাক্ষণ উৎকণ্ঠায় থাকেন বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে একজন সেবিকা।গত শনিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, শতাধিক রোগী লাইনে দাঁড়িয়ে রয়েছেন। চিকিৎসা কর্মকর্তা তাহমিনা হাসান ও সানোয়ার হোসেন আলাদা কক্ষে বসে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাঁপিয়ে উঠছেন। তাঁরা বলেন, এখানে দৈনিক গড়ে প্রায় আড়াই শ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের আমিনুল হক (২৪) বলেন, ‘ইডা কোনো হাসপাতাল অইল? সরহারি স্যালাইন মাঝেমধ্যে রোগীদের দিলেও স্যালাইন সেটটা বাইরে থাইকা কিনে আনতে হয়।’মহিলা ওয়ার্ডে ভর্তি হওয়া রোগী মহদীপুর গ্রামের সোলেমা আক্তার (৫৫) বলেন, ‘হাসপাতাল নিয়মিত পরিষ্কার করা হয় না, ময়লা-আবর্জনায় দুর্গন্ধ লাইগাই থাহে। এন্ত যে খাওন দেয়, তা মুহে দেওন যায় না।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার বলেন, লোকবলের অভাবে চিকিৎসাসেবা কার্যক্রম জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে। সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী গতকাল রোববার বলেন, হাসপাতালে লোকবল বাড়ানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।