আড়াই লাখ সেবিকার সংকট ছয় বছর ধরে নিয়োগ বন্ধ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ অনুযায়ী একজন চিকিত্সকের সঙ্গে তিনজন সেবিকা (নার্স) থাকার কথা। কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০০৯-এর তথ্য অনুযায়ী, দেশে চিকিত্সক আছেন ৪৯ হাজার ৬০৮ জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই সংখ্যক চিকিত্সকের বিপরীতে নিবন্ধনকৃত সেবিকা আছেন ২৩ হাজার ৭২৯ জন। অর্থাত্ প্রতি দুজন চিকিত্সকের সহযোগী হিসেবে একজন সেবিকাও নেই। আর জনসংখ্যার হিসাবে ধরলে সাত হাজার লোকের জন্য একজন সেবিকা রয়েছেন।সরকারি ও বেসরকারি তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে দুই লাখ ৮০ হাজার সেবিকার সংকট রয়েছে। সরকারি সেবাপ্রতিষ্ঠানগুলোতেই প্রায় আড়াই হাজার পদ এখনো খালি। ডিগ্রি থাকার পরও হাজার দশেক সেবিকা এখনো বেকার। অথচ ছয় বছর ধরে দেশে সেবিকা নিয়োগের কোনো প্রক্রিয়া নেই। এ ছাড়া বিদেশে ব্যাপক চাহিদা থাকলেও দক্ষ সেবিকার অভাবে বাংলাদেশ পিছিয়ে আছে।বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভানেত্রী তাপসী ভট্টাচার্য বলেন, এই পেশায় নানা সংকট। এ কারণে সাধারণ মানুষ প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। সেবিকারাও সেবা দিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না।স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নার্সিং বিষয়ে দায়িত্বপ্রাপ্ত) কে বি এম ওমর ফারুক প্রথম আলোকে বলেন, আগামী এক মাসের মধ্যে সরকারিভাবে মঞ্জুরীকৃত সেবিকার প্রায় দুই হাজার ৬৩৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তখন এই সংকট অনেকটাই কেটে যাবে।তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শুধু শূন্য পদে নিয়োগ দেওয়া হলেই সমস্যার সমাধান হবে না, দ্রুত নতুন পদ সৃষ্টি করতে হবে।ইউনিট ও শয্যা বেড়েছে, সেবিকা বাড়েনি: বিভিন্ন সময়ে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ওয়ার্ডের সংখ্যা বেড়েছে, কিন্তু সেবিকার পদ বাড়েনি। বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিকেল কলেজ শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আনিসুর রহমান জানান, ‘৮০০ শয্যার হাসপাতালটিতে সেবিকার যে পদ ছিল, বর্তমানে এক হাজার ৭০০ শয্যার হাসপাতালেও তা একই আছে। এ কারণে হাসপাতালে কাজের ব্যাঘাত ঘটছে।’ একই অবস্থা দেশের সবগুলো সরকারি হাসপাতালে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন বলেন, প্রতি পাঁচজন পোড়া রোগীর জন্য একজন সেবিকা প্রয়োজন। সে হিসাবে ইউনিটে ৮০ জনের মতো সেবিকা প্রয়োজন, অথচ আছেন মাত্র ২৭ জন। একজন সেবিকা ৭০ জন রোগীর দেখভাল করছেন—এমন পরিস্থিতি আর কোনো দেশে আছে কিনা সন্দেহ।ঘোষণার বাস্তবায়ন নেই: বর্তমান সরকার সেবিকাদের পদমর্যাদা তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ করেছে। গত বছরের জুনে প্রধানমন্ত্রী সেবিকাদের বেতনবৈষম্য কমানো, পদোন্নতিসহ নানা সুযোগ-সুবিধা এবং বিদেশে সহজে চাকরির জন্য নার্সিং কারিকুলামে ইংরেজি, ফরাসি ও আরবি ভাষা যুক্ত করার কথা বলেছিলেন। তিনি প্রতিটি মেডিকেল কলেজে নার্সিং কলেজ এবং প্রতি জেলায় নার্সিং ইনস্টিটিউট খোলারও ঘোষণা দিয়েছিলেন। তবে এসব ঘোষণার বাস্তবায়ন এখনো শুরু হয়নি।গত ডিসেম্বরে মন্ত্রিসভার বৈঠকে সেবিকাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিল করা হয়। ফলে ২০১০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বয়স ৩৬ হলেও তাঁরা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন।২০০১ সালে পাস করার পর থেকে বেকার থাকা বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল হোসেন প্রথম আলোকে জানান, তাঁর মতো বেকারের সংখ্যা প্রায় ১০ হাজারে পৌঁছেছে। অনেকের বয়স ৩৫ পার হয়ে ৩৬ পার হওয়ারও উপক্রম হচ্ছে। কাজেই এই ঘোষণার দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।ছয় বছর নিয়োগ বন্ধ: সর্বশেষ সেবিকা নিয়োগ দেওয়া হয়েছিল ২০০৩ সালে। এরপর ছয় বছর পেরিয়ে গেলেও নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নার্সিং বিষয়ে দায়িত্বপ্রাপ্ত) কে বি এম ওমর ফারুক বলেছেন, মাসখানেকের মধ্যেই আবার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।প্রতিষ্ঠানের স্বল্পতা: দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ১৩টি নার্সিং কলেজ এবং ৬৯টি নার্সিং ইনস্টিটিউট আছে। ইনস্টিটিউটগুলোতে ডিপ্লোমা কোর্সে আসন আছে দুই হাজার ৩৯৫টি। নার্সিং কলেজগুলোতে আসন আছে ৭৬৫টি। নতুন ১২টি নার্সিং ইনস্টিটিউট থাকলেও জনবলের সংকটের কারণে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়নি। এ ছাড়া তিনটি নার্সিং কলেজের নির্মাণকাজ শেষ পর্যায়ে আছে।আছে আরও সমস্যা: বিভিন্ন হাসপাতালে কর্মরত সেবিকারা জানিয়েছেন, সব পেশায় শ্রম আইন থাকলেও তাঁদের বেলায় সেটি প্রযোজ্য হয় না। আট ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজ করলেও তাঁরা বাড়তি ভাতা পান না। বাড়িতে ছোট বাচ্চা রেখে রাতে হাসপাতালে দায়িত্ব পালন করলেও বাড়তি কোনো সুবিধা মেলে না।