
চাঁদপুরের শাহরাস্তি পৌর এলাকায় মানুষের চলাচলের সুবিধা ও সড়ক আলোকিত করার জন্য পৌর কর্তৃপক্ষ সড়কের পাশের আড়াই শ গাছে বৈদ্যুতিক বাতি লাগিয়েছে। এসব বাতি সাময়িক সুবিধা দিলেও তা মানুষের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করেছে। গাছের আশপাশে বৈদ্যুতিক তার ঝুলে আছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পৌরবাসী।
পৌরসভার কার্যালয় সূত্রে জানা গেছে, শাহরাস্তি পৌরসভার আয়তন ৩১ দশমিক ৪০ বর্গকিলোমিটার। পৌর এলাকার ২১ দশমিক ৮০ বর্গকিলোমিটার এলাকায় বিদ্যুৎ-সংযোগ আছে। এর মধ্যে ১১ দশমিক ৫০ বর্গকিলোমিটারের রাস্তায় সড়কবাতির ব্যবস্থা করা হয়েছে। পৌর এলাকায় মোট ১ হাজার ৫০টি সড়কবাতি লাগানো হয়েছে।
পৌরসভার ভারপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাইদুর রহমান জানান, পৌরসভার ১২টি ওয়ার্ডে সড়কের পাশে বাতি লাগানো হয়েছে। এর মধ্যে ২৫০টি বাতি গাছে লাগানো হয়েছে। গাছের সঙ্গে লাইন টেনে বিদ্যুৎ-সংযোগ দেওয়া বিপজ্জনক কি না—এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান বলেন, গাছের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এতে গাছ বিদ্যুতায়িত হয়ে অথবা কোনো কারণে তার ছিঁড়ে বা বাতি পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। সাবেক মেয়র জনগণের সুবিধার জন্য গাছে গাছে বাতি লাগিয়েছেন। বিষয়টি নিয়ে বর্তমান মেয়র কয়েক দফা কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু কাউন্সিলররা রাজি না হওয়ায় বাতিগুলো অপসারণ করা যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা থেকে থানা সড়কের পাশে মেহগনি, রেইনট্রি ও নারকেলগাছে সড়কবাতি লাগানো আছে। থানা কমপ্লেক্সের ভেতরে অন্তত ১০টি গাছে বাতি লাগানো হয়েছে।
প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার উদ্দিন জানান, ২০১২ সালের দিকে পৌর এলাকায় সড়কবাতি লাগানো শুরু হয়। পৌরসভার পর্যাপ্ত বাজেট না থাকায় সাবেক মেয়র মোস্তফা কামাল তখন গাছে বাতি লাগানোর ব্যবস্থা করেন।
পৌর মেয়র আবদুল লতিফ বলেন, সাবেক মেয়র নির্বাচনের আগে জনগণের সমর্থন পাওয়ার জন্য গাছে গাছে সড়কবাতি লাগিয়েছেন। বিষয়টি বিপজ্জনক জেনেও কাউন্সিলরদের বাধার কারণে বাতিগুলো সরানো যাচ্ছে না।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম মো. ইউসুফ বলেন, ‘পৌর কর্তৃপক্ষ আমাদের অনুমোদন নিয়ে বাতিগুলো লাগায়নি। কোনো দুর্ঘটনা ঘটলে আমাকেও জবাবদিহি করতে হবে। আমি এখনই বিষয়টি নিয়ে মেয়রের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।’
গাছে সড়কবাতি লাগানোর বিষয়ে জানার জন্য সাবেক মেয়র মোস্তফা কামালের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।