আড়াই শ যাত্রী নিয়ে বিকল লঞ্চ ৪ ঘণ্টা পর উদ্ধার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার বিকেলে আড়াই শ যাত্রীসহ একটি লঞ্চ বিকল হয়ে যায়। চার ঘণ্টা পর আরেকটি লঞ্চ দিয়ে টেনে বিকল লঞ্চটি উদ্ধার করা হয়। যাত্রীদের কোনো বিপদ হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আড়াই শ যাত্রী নিয়ে ‘আল ফালাহ’ নামের লঞ্চটি চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথে বিকেল পাঁচটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর কিশোরগঞ্জের কাছে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল লঞ্চটি কয়েক ঘণ্টা মেঘনার মাঝখানে নোঙর করে রাখা হয়। নিরুপায় যাত্রীদের অনেকে প্রথম আলো অফিসে ফোন করে সহায়তা চান। প্রথম আলো থেকে বিষয়টি তখনই গজারিয়া থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। বিষয়টি লঞ্চের মালিক রুহুল আমিনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং আরেকটি লঞ্চ দিয়ে টেনে বিকল লঞ্চটি নারায়ণগঞ্জে পাঠানোর ব্যবস্থা করেন। রাত সোয়া নয়টার দিকে আল ফালাহকে নারায়ণগঞ্জ ঘাটে ভেড়ানো হয়।সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেদ ফেরদৌস এর আগে জানান, প্রথম আলোর সূত্রে খবর পেয়ে তিনি পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়ে দেন।মালিক রুহুল আমিন প্রথম আলোকে জানান, লঞ্চের মবিল রাখার স্থানটি ফেটে সব মবিল পড়ে যায়। এতে চালক লঞ্চ থামিয়ে মাঝনদীতে নোঙর করতে বাধ্য হন।