আড়াই সহস্রাধিক মামলায় সুবিধা পেয়েছেন দুস্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জয়পুরহাটে গত ১২ বছরে দুই হাজার ৫৫২টি মামলায় অসচ্ছল, সহায়-সম্বলহীন বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময় সংস্থা পরিচালিত ৪২৯টি মামলার নিষ্পত্তি হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জয়পুরহাট ও জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, হতদরিদ্র পরিবার মামলায় জড়িয়ে পড়লে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা তা যাচাই-বাছাই করে তাদের প্যানেল আইনজীবীদের ওই সব মামলা পরিচালনার দায়িত্ব দেয়। মামলা পরিচালনার জন্য সরকার-নির্ধারিত ফি আইনজীবীরা পেয়ে থাকেন। জেলায় সংস্থার তালিকাভুক্ত ৬৯ জন আইনজীবী আছেন। ২০০১ সাল থেকে সংস্থাটি জেলায় কার্যক্রম অব্যাহত রেখেছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জয়পুরহাটের সদস্যসচিব আবু নাছিম মো. শামীমূল ইমাম জানান, জেলায় সংস্থার মাধ্যমে বিপুলসংখ্যক হতদরিদ্র, অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তার মাধ্যমে মামলা পরিচালনার জন্য সরকারিভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। মামলা পরিচালনাকারী আইনজীবীদের ফি পেতে কোনো ঝামেলায় পড়তে হচ্ছে না।

জেলা আইনজীবী সমিতির সদস্য মজিবুর রহমান জানান, তিনি এ পর্যন্ত ১৫০টি মামলা পরিচালনা করেছেন। এর মধ্যে ৭০টির বিচারকাজ সম্পন্ন হয়েছে।

পাঁচবিবি উপজেলার বিরঞ্জনা গ্রামের নাজমা বেগম জানান, তাঁর স্বামী যৌতুক দাবি করে তাঁকে দুই শিশুপুত্রসহ বাড়ি থেকে বের করে দেন। বাবাও বেঁচে নেই। বড় বোনের আশ্রয়ে আছেন। বাধ্য হয়ে তিনি স্বামীর বিরুদ্ধে এই সংস্থার মাধ্যমে মামলা পরিচালনা করছেন।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জয়পুরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সাল থেকে ১২ বছরে জেলায় আইনগত সহায়তা তহবিলে সাড়ে ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে এই তহবিলে এক লাখ ৪৭ হাজার ৩৫৩ টাকা জমা আছে।

স্থানীয় আইনজীবীদের সূত্রে জানা গেছে, চলতি বছর আগস্টে এই সংস্থার তত্ত্বাবধানে ১৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে চারটি ফৌজদারি, একটি দেওয়ানি ও আটটি পারিবারিক আদালতে দায়ের করা হয়। ওই মাসে আদালতে পাঁচটি এবং বাদী-বিবাদীদের মধ্যে আলোচনা করে দুটি মামলার নিষ্পত্তি হয়েছে। ভিজিএফ কার্ডধারী, বয়স্ক ভাতার সুবিধাভোগী ও অসচ্ছল পরিবারের যাদের বার্ষিক আয় ৫০ হাজার টাকার কম (মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৭৫ হাজার টাকার কম) তাঁরা এই সুবিধার জন্য আবেদন করতে পারেন। “