আড়াই হাজার অনুমোদনহীন যান চলে পাবনায়
পাবনায় অনুমোদনহীন (ফিটনেস ও রুট পারমিট ছাড়া) আড়াই হাজার যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন ধরে এসব পরিবহন ফিটনেস ও রুট পারমিট গ্রহণ না করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে পরিবেশ দূষণসহ সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা শাখা সূত্রে জানা যায়, জেলার নয় উপজেলায় নিবন্ধনকৃত যানবাহন রয়েছে দুই হাজার ৯৩৪টি। এর মধ্যে দুই হাজার ৫১৪টি বাস, মিনিবাস, ট্রাক, প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা দীর্ঘদিন ধরে ফিটনেস ও রুট পরমিট গ্রহণ করছে না। এ ছাড়া আরও প্রায় ১৫৯টি বিভিন্ন ধরনের পরিবহন রয়েছে, যেগুলো রাস্তায় চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। তার পরও সেগুলো চলাচল করছে। জেলায় আরও প্রায় দুই হাজার নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। ফিটনেসহীন এসব পরিবহনের কালো ধোঁয়ায় পরিবেশদূষণসহ প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৪৩টি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৪১ জন। গুরুতর আহত হয়েছে আরও প্রায় ৪২ জন। বিআরটিএ পাবনা শাখার পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, একটি পরিবহনের যান্ত্রিক অবস্থা, ধোঁয়া, ব্রেক, হর্ন ও স্টিয়ারিং পরীক্ষা; চালকের বৈধ লাইসেন্স পরীক্ষা ও নির্ধারিত ফি এবং আয়কর ও ট্যাক্স জমা নিয়ে ফিটনেস সনদ দেওয়া হয়। পরিবহন মালিকেরা তাঁদের যানবাহন ও চালকসহ হাজির হয়ে তা গ্রহণ করেন। এতে সরকারের রাজস্ব আয় যেমন বাড়ে, তেমনি যানবাহনের বিভিন্ন ত্রুটিও সংশোধন করা যায়। জেলার বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, ফিটনেস ও রুট পারমিটহীন যানবাহনগুলো স্বচ্ছন্দে যাত্রী ও মালামাল বহন করছে। তবে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, এগুলো চলাচলের অযোগ্য। বাইরের দিক দেখে নতুন মনে হয়, রং করে চকচকে করা হয়েছে। পুরোনো মাইক্রোবাসগুলোর পেছনের অংশ কেটে তৈরি করা হয়েছে টেম্পো ও লেগুনা। পাবনা সদরের মিনিবাসের মালিক সুমিত মৈত্র জানান, ফিটনেসহীন যানবাহন বাইরে থেকে দেখা বোঝা যাবে না। একটু পুরোনো হলেই এগুলোতে রং করা হয়। মূল সমস্যাটা এসব যানবাহনের ইঞ্জিনে। বিআরটিএ জেলা শাখার সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘পরিবহন মালিকেরা নিজ দায়িত্বে ফিটনেস ও রুট পারমিট গ্রহণ না করলে আমাদের কিছু করার থাকে না। ফলে এসব দেখার দায়িত্ব পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর।’ জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য ও পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ফিটনেস ও রুট পারমিটহীন পরিবহনের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে গেলে অধিকাংশ যানবাহন চলাচল বন্ধ করে দিতে হবে। এতে জনগণের চলাচল বিঘ্নিত হয়ে নানা সমস্যার সৃষ্টি হবে। তিনি আরও বলেন, ‘বিআরটিএ উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব।’ জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি লায়ন বেবী ইসলাম প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইঞ্জিনচালিত নছিমন-করিমনসহ বিভিন্ন অবৈধ যানবাহনকে সড়ক-মহাসড়কে চলার বৈধতা দিচ্ছে। এরা কোনো দুর্ঘটনা ঘটালেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে নিবন্ধনকৃত ফিটনেস ও রুট পারমিটহীন পরিবহনের মালিকেরাও সুবিধা পাচ্ছেন। এক অন্যায়কে ঢাকতে পুলিশসহ সংশিষ্ট দপ্তরগুলো অন্য অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। তবে সড়কে জানমালের নিরাপত্তার স্বার্থে অবৈধ ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।