আড়াই হাজার একর জমিতে লবণ চাষ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপকূলের নাফ নদী ও বঙ্গোপসাগরের বেড়িবাঁধ অরক্ষিত হওয়ার কারণে জোয়ারের পানি ঢুকে মাঠে পলি জমছে। পাশাপাশি লোকালয়সহ আশপাশের অন্তত ১৭টি গ্রামের আড়াই হাজার একর জমি প্লাবিত হচ্ছে। এ কারণে চলতি মৌসুমে আড়াই হাজার একর জমিতে লবণ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। চলতি নভেম্বর মাসের মধ্যে ভাঙা বাঁধ মেরামত করা না হলে আসন্ন লবণ মৌসুমে চাষাবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী ও চাষিরা।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকার বেড়িবাঁধে ভাঙনের ফলে পৌর এলাকা, সদর, হ্নীলা ও সাবরাং ইউনিয়নে বোরো ধান, তরমুজ, মরিচ, পানবরজ ও লবণসহ অন্যান্য কৃষিকাজ ব্যাহত হবে। গোটা উপজেলায় চলতি মৌসুমে ওই আড়াই হাজার একরে চাষাবাদ বন্ধ রাখতে হবে। শাহপরীর দ্বীপ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা জালাল আহমদ ও আবদুস শুক্কুর জানান, ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় বোরো চাষ অনিশ্চিতের পাশাপাশি আগামী লবণ মৌসুমেও চাষাবাদে ব্যাঘাত ঘটবে।সাবরাং ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান জানান, ভাঙা বাঁধের অংশ দিয়ে প্রতিনিয়ত জোয়ারের লবণাক্ত পানি প্রবেশ করায় আড়াই হাজার একর ফসলি জমি জোয়ারভাটায় প্লাবিত হচ্ছে। এতে করে যেকোনো সময় পুরো এলাকা নাফ নদী ও বঙ্গোপসাগরে বিলীন হতে পারে। এর ফলে ওই এলাকায় চাষাবাদ বন্ধ রয়েছে।টেকনাফ পৌরসভার মেয়র মোহামঞ্চদ ইসলাম ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আলম বলেন, দীর্ঘ ছয় বছর ধরে জোয়ারের পানি প্রবেশ করায় এলাকায় সব ধরনের চাষাবাদ বন্ধ হয়ে গেছে। স্থানীয় চাষিদের পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও দুর্ভোগের শেষ নেই। তাই জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান, টেকনাফ পৌরসভা, সদর ইউনিয়নের এক হাজার ৩০০ মিটার ও সাবরাং ইউনিয়নের এক কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। তা ছাড়া উপজেলার আরও তিনটি ইউনিয়নের প্রায় ১৩ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানি ঠেকাতে হলে এখানে পাথরের স্থায়ী বাঁধের বিকল্প নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামসুল ইসলাম জানান, প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে লোকালয়সহ আশপাশের অন্তত ১৭টি গ্রাম প্লাবিত হচ্ছে। এ কারণে চলতি মৌসুমে আড়াই হাজার একর জমিতে লবণ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। তাই জরুরি ভিত্তিতে ভাঙা বাঁধ মেরামতের জন্য জেলা উন্নয়ন কমিটির সভায় বিষয়টি তুলে ধরা হবে।