আড়াই হাজার একরের জন্য একজন বনপ্রহরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বন বিভাগে দীর্ঘদিন ধরে জনবল, যানবাহন, আধুনিক অস্ত্রসহ বিভিন্ন সংকট চলছে। এ অঞ্চলের গড়ে আড়াই হাজার একর বনভূমির পাহারায় নিয়োজিত রয়েছেন মাত্র একজন বনপ্রহরী। বন বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাতটি বন বিভাগ নিয়ে চট্টগ্রাম অঞ্চল গঠিত। এ অঞ্চলের নয় লাখ ৩০ হাজার একর বনাঞ্চলের পাহারায় নিয়োজিত আছেন মাত্র ৪০০ বনপ্রহরী। সেই হিসাবে একজন বনপ্রহরীর পাহারার আওতায় পড়ে আড়াই হাজার একর বনভূমি। সূত্রমতে, ১০ থেকে ৩০ হাজার একর বনভূমি নিয়ে গড়ে ওঠা একটি রেঞ্জে টহলের জন্য একটি পিকআপ দরকার। কিন্তু অনেক রেঞ্জেই তা নেই। থাকলেও জ্বালানি বরাদ্দ নেই বলে তা কোনো কাজে আসে না। ফলে বনপ্রহরীদের হেঁটে অথবা বাসে চড়ে টহলে যেতে হয়। এতে আর টহলের কোনো কার্যকারিতা থাকে না। অন্যদিকে বন বিভাগের মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ স্থাপনা হলো বিট কার্যালয়। একটি বিটের আওতায় থাকে দুই থেকে ১০ হাজার একর বনভূমি। এখানকার দায়িত্বে নিয়োজিত থাকেন একজন বিট কর্মকর্তা ও দুজন বনপ্রহরী। প্রয়োজনের তুলনায় এ জনবল খুবই অপ্রতুল। প্রায় প্রতিটি বিট ও রেঞ্জ কার্যালয়ই পরিত্যক্ত, জরাজীর্ণ। ছোটখাটো এসব কার্যালয়ে দাপ্তরিক কাজ করা, অস্ত্র রাখা ও বসবাসের কোনো পরিবেশ নেই। অথচ এখানেই রাখতে হয় আসামি, জব্দ মালামালসহ বিভিন্ন যন্ত্রপাতি। জানা যায়, আসামি ধরা, চালান দেওয়া ও আসামিদের খাওয়া বাবদ কোনো অর্থ বরাদ্দ নেই বিট ও রেঞ্জ কার্যালয়ের। বনপ্রহরীদের কোনো অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ভ্রমণভাতা নেই। এমনকি তাঁদের বিভিন্ন জেলা-উপজেলা আদালতে গিয়ে বন মামলার সাক্ষ্য দিতে যেতে হয় নিজ খরচে।চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন মহলে জানিয়েছি। আমাদের বিশাল বনভূমি রক্ষার তাগিদে বনপ্রহরীদের সংখ্যা ও সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি দ্রুত বিবেচনা করা উচিত।’ খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ বনপ্রহরীর চাকরির বয়স ৩০-৩৫ বছর হয়ে গেছে। কিন্তু এখনো তাঁদের কোনো পদোন্নতি হচ্ছে না। বাংলাদেশ বনকর্ম নির্বাহী সমিতির সভাপতি মোক্তারুজ্জামান বলেন, ‘এসব দুরবস্থার কথা জানিয়ে সমিতির পক্ষ থেকে আমরা বর্তমান জনবল কমপক্ষে পাঁচ গুণ বাড়ানো, প্রথম শ্রেণীর উপজেলা বন কর্মকর্তা নিয়োগসহ ১২ দফা দাবি জানিয়ে আসছি। সেই পরিপ্রেক্ষিতে সরকার আশ্বাস দিলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি।’ অভিযোগ রয়েছে, বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে অনেক বনকর্মী আহত ও নিহত হলেও সরকারের পক্ষ থেকে তাঁদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এসব ব্যাপারে বাংলাদেশ বনপ্রহরী কল্যাণ সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক জালাল আহমেদ বলেন, ‘অবিলম্বে বনপ্রহরীদের পদোন্নতি, রেশন, ঝুঁকিভাতা, দায়িত্বরত অবস্থায় আহত-নিহত বনপ্রহরীদের ক্ষতিপূরণ এবং তাঁদের পরিবারের একজন সক্ষম পোষ্যকে চাকরিতে নিয়োগের ব্যবস্থা নেওয়া দরকার।’