চুয়াডাঙ্গা ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের আড়াই হাজার শিক্ষার্থীর জন্য বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা ছিল না। বিদ্যালয়ের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত লৌহ (আয়রন) ও আর্সেনিকের উপস্থিতি থাকায় তা কেউ পান করত না। বিদ্যালয়ে বিশুদ্ধ পানি ছিল ছাত্রদের কাছে স্বপ্নের মতো।
সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে ‘ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ’ নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা। সাত লাখ টাকা ব্যয়ে তারা স্কুল চত্বরে স্থাপন করেছে দৈনিক অন্তত ছয় হাজার লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম স্বয়ংক্রিয় ‘আর্সেনিক ও আয়রন রিমুভাল প্ল্যান্ট’। যুক্তরাজ্যের ইম্প্যাক্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করে।
জেলা প্রশাসক সায়মা ইউনুস গতকাল বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিশুদ্ধ পানির এই প্ল্যান্টের উদ্বোধন করেন। ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের চুয়াডাঙ্গা কর্মসূচির প্রশাসক শাফিউল কবীর।
জেলা প্রশাসক ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কর্মকর্তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। দশম শ্রেণির ছাত্র আলিফ হোসেন বলে, এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বিদ্যালয়ের আড়াই হাজার ছাত্রের বিশুদ্ধ পানির স্বপ্ন পূরণ হলো।