আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ আটক ৫
রাজধানীর শান্তিনগরে ইস্টার্ন প্লাস মার্কেটের সামনে থেকে আড়াই হাজার বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে বিটিটিবির কর্মচারী ফখরুল ইসলামও রয়েছেন। তিনি ঝিনাইদহ টেলিফোন এক্সচেঞ্জের টেকনিশিয়ান।ডিবি সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল ইস্টার্ন প্লাসের সামনে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে আড়াই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটক করা হয় ফখরুল (৪৪), তৌহিদুল ইসলাম (৪৫), ইলিয়াস হোসেন (৪২), মাসুদ মিয়া (৪০) ও মতিউর রহমানকে (৩৮)।মশিউর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে ফখরুল জানান, তিনি ঝিনাইদহে টেলিফোন এক্সচেঞ্জে চাকরির আড়ালে ঝিনাইদহ ও যশোর থেকে ফেনসিডিল ঢাকায় এনে পাইকারি ও খুচরা বিক্রি করতেন। মতিউর জানান, ফখরুল ফেনসিডিলের চালান এনে ইলিয়াসের কাছে বিক্রি করতেন।