আড়াই হাজার হজ যাত্রীর যাওয়া অনিশ্চয়তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে তিন ধাপে সৌদি আরবের জেদ্দায় সরাসরি যাতায়াতকারী বাংলাদেশ বিমানের ১৫টি ফ্লাইটের মধ্যে আটটি ফ্লাইট নিশ্চিত হয়েছে। বাকি সাতটি ফ্লাইটে মোট আড়াই হাজার যাত্রীর পরিবহন নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা তিন ধাপে চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দায় যাতায়াতের জন্য ১৫টি ফ্লাইটের দাবি জানিয়েছিলাম। এর মধ্যে প্রথম ধাপের জন্য তিনটি এবং দ্বিতীয় ধাপের জন্য পাঁচটি ফ্লাইট নিশ্চিত হয়েছে। তৃতীয় ধাপের জন্য এখনো কোনো ফ্লাইট পাওয়া যায়নি।’
বিমান সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রামের মোট হজযাত্রীর সংখ্যা আট হাজার। গত ২৭ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি ধাপে হজযাত্রী পরিবহনের কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে (২৭ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর) গতকাল শনিবার পর্যন্ত প্রায় তিন হাজার হজযাত্রীর সৌদি আরব যাওয়া নিশ্চিত হয়েছে।
দ্বিতীয় ধাপে (সাত থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত) তিন হাজার ৪০০ হজযাত্রী যেতে পারবেন। তৃতীয় ধাপে (১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত) প্রায় আড়াই হাজার হজযাত্রীকে পরিবহন করা হবে।
জানা যায়, দ্বিতীয় ধাপের যাত্রীদের মধ্যে যাঁরা ১০ ও ১১ সেপ্টেম্বর মদিনায় ঘর ভাড়া নিয়েছেন, তাঁরা সময়মতো যেতে না পারলে এ আর্থিক ক্ষতির মুখে পড়বেন। কারণ, আগাম ঘর ভাড়া করে রাখতে হয়।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জেদ্দার উদ্দেশে বিমানের প্রথম হজ ফ্লাইট ৪১৩ জন হজযাত্রী নিয়ে আনুষ্ঠানিক যাত্রা করে।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের বিমানের স্বল্পতা রয়েছে। আমরা প্রতিবছরই দেখছি এ কারণে হজযাত্রী পরিবহনে সংকট দেখা দিচ্ছে। এবারও এর ব্যতিক্রম হবে না। আমাদের শেষ পর্যন্ত বিকল্প পরিবহনের ব্যবস্থা নিতে হবে।’
তিনি মনে করেন, বিমান কর্তৃপক্ষ বেসরকারি সংস্থার কাছ থেকে বিমান ভাড়া করে হজযাত্রী পরিবহনের ব্যবস্থা নিলে এ অনিশ্চয়তা থেকে হজযাত্রীরা রেহাই পাবেন।