আড়াইহাজার ও কালিয়াকৈরে সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার বাঁশতলী গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনারচর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।
কালিয়াকৈর থানা ও এলাকাবাসী জানান, প্রায় দুই বিঘা জমি নিয়ে বাঁশতলী গ্রামের রহিম উদ্দিন ও তাঁর চার ভাইয়ের সঙ্গে একই গ্রামের প্রভাবশালী নূরুল ইসলাম ও তাঁর ভাই নূর মোহামঞ্চদ এবং ভাতিজা কামালের বিরোধ চলে আসছিল। গতকাল বিকেলে রহিম উদ্দিনের ভাই জালালের স্ত্রীর সঙ্গে নূরুল ইসলামের ভাতিজা কামালের স্ত্রীর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আড়াইহাজার থানা ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনারচর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে মোফাজ্জল হোসেনের বাগিবতণ্ডা হয়। পরে তাঁরা দুজনই বাড়ি চলে যান। ওই দিন রাত আটটার দিকে এলাকার একটি চায়ের দোকানে পুনরায় তাঁদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ খবর শুনে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। তাদের মধ্যে নয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।