আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ আজ শনিবার। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট দিয়ে ভোটাররা মেয়র নির্বাচিত করবেন। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আড়াইহাজার পৌরসভা: আড়াইহাজার পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ১৩৭ জন। এর মধ্যে পুরুষ আট হাজার ৬৩৮ এবং নারী আট হাজার ৪৯৯ জন। ভোটকেন্দ্র নয়টি, বুথের সংখ্যা ৪৫টি। মেয়র পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ কাউন্সিলর ৪৯ জন হলেও ৭ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতেম আলীকে নির্বাচিত ঘোষণা করা হয়। আড়াইহাজার পৌরসভায় মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী (চশমা), পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী (জাহাজ), সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (টেলিভিশন), সম্প্রতি বিএনপি থেকে আওয়াামী লীগে যোগ দেওয়া সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান (তালা), কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল হক (টেবিল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী সুজন ইকবাল (কাপ-পিরিচ) ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বিল্লাল হোসেন (মাইক)। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের স্ত্রী পারভীন আক্তার (দোয়াত-কলম), উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি রুহুল আমিন মোল্লা (প্রজাপতি) মাঠে নামলেও পরে পারভীন আক্তারকে সমর্থন দিয়ে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ান। সাবেক ভিপি ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি কবির হোসেন (টেলিফোন) ও উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক কাজী আবদুস সেলিম (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।গোপালদী পৌরসভা: ভোটারের সংখ্যা ২৪ হাজার ৫২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৫২ জন এবং নারী ভোটার ১১ হাজার ৯৭৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা নয়টি, বুথের সংখ্যা ৬০। মেয়র পদে তিন জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৭ ও সংরক্ষতি কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম (তালা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম হালিম শিকদার (চশমা)। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী গোপালদী পৌর বিএনপির সভাপতি আবুল বাশার (কাপ-পিরিচ)। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, দুটি পৌরসভায় পাঁচটি করে মোট ১০টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ দল, পুলিশের ভ্রাম্যমাণ দল এবং চেকপোস্ট থাকবে।আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জালালউদ্দিন জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।