নারায়ণগঞ্জের আড়াইহাজার ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার এ দুটি দুর্ঘটনা ঘটে।আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে চারটার দিকে ধূপতারা ইউনিয়নের বান্টি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে রডভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি রাস্তার পাশে এক পথচারীর ওপর কাত হয়ে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়। আনুমানিক ২৫ বছর বয়সী ওই পথচারীর পরিচয় পাওয়া যায়নি।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।অন্যদিকে পাকুন্দিয়ায় দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকায় পাকুন্দিয়া-ঢাকা সড়কের পাশে স্থানীয় বাসিন্দা ফজর আলীর মেয়ে তানজিলা (৫) খেলা করছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়। পেছন থেকে আসা আরেকটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাস দুটি ভাঙচুর করে রাস্তা অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার শওকত জাহান জানান, এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।