আড়াইহাজার ও সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় গতকাল শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই ভ্যানচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাকের চাপায় মুছা (৩৬) নামের এক ডাকাত নিহত হন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, মানিকগঞ্জ থেকে একটি পিকনিকের বাস আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ফিরছিল। গতকাল রাত আটটার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাইপাইল এলাকার আশুলিয়া থানার কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ভ্যানচালক আজাদ (৩০) ও বারেক (৫৫) নিহত হন। আজাদের বাড়ি লালমনিরহাট এবং বারেকের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়। তাঁরা দুজনই আশুলিয়া এলাকায় ভ্যান চালাতেন। এসআই মোশাররফ হোসেন জানান, পুলিশ বাস ও এর চালক দেলোয়ার হোসেনকে আটক করেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে আড়াইহাজার-নরসিংদী সড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আবদুল্লাহকান্দি এলাকায় মালবোঝাই একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করেন মুছা ও তাঁর দল। এ সময় ট্রাকের চালক তাঁকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মুছা নিহত হন। তাঁর বাড়ি উপজেলার আবদুল্লাহকান্দি এলাকায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, ‘ঘটনাটি শুনেছি। ওই ঘটনা আমার এলাকায় ঘটেনি।’