আড়াইহাজার ও সিঙ্গাইরে ইউপি উপনির্বাচনে পাল্টাপাল্টি ধাওয়া
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বায়রা এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদ উপনির্বাচনকে কেন্দ্র করে গতকাল সোমবার ভোটকেন্দ্র দখল, পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত বছরের ৭ আগস্ট আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমানের মৃত্যুর পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে প্রার্থী হন নিহত হাবিবুর রহমানের ছেলে শামীমুল হাসান ও ভাই মিজানুর রহমান এবং ফজলুর রহমান ও মিলাদুর রহমান। গতকাল সোমবার শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে মিলাদুর রহমানকে বিজয়ী ঘোষণা করেন। তিন পান মোট ৬১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পান ৪৬৬ ভোট।নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পরাজিত প্রার্থীর লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভোটকেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেছে পরাজিত প্রার্থীর লোকজন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত বছরের ৬ নভেম্বর বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান বাবুল হোসেন মারা যান। ২৩ নভেম্বর ওই পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দেওয়ান সোহেল হোসেন ও দেওয়ান মোহাম্মদ জিন্নাহ। সোহেল প্রতীক পান তালা এবং জিন্নাহ পান আনারস। সোহেলের দলীয় পদ না থাকলেও তিনি বিএনপির সমর্থক। জিন্নাহ সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক। গতকাল সকাল আটটা থেকে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।ভোটার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর আড়াইটার দিকে চেয়ারম্যান পদপ্রার্থী জিন্নাহর ১৫-২০ জন সমর্থক দেহানখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে প্রতিপক্ষের এজেন্ট দেওয়ান রুমেলকে মারধরের পর ভোটকেন্দ্র থেকে বের করে দেন। এরপর তাঁরা ১৫টি জাল ভোট দেন। এ সময় ম্যাজিস্ট্রেট নারগিস পারভীন, প্রিসাইডিং কর্মকর্তা মোক্তার হোসেন ও পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটলেও তাঁরা নীরব ভূমিকা পালন করেন। এর পর থেকে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। পরে বিকেল চারটায় পুনরায় ভোট গ্রহণ শুরু হলে ওই কেন্দ্রে ২২ জন ভোটার ভোট দেন। ভোট গ্রহণ শেষে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। রাত আটটায় সিঙ্গাইর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন জানান, নির্বাচনে সোহেল হোসেন ছয় হাজার ৬২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ জিন্নাহ পাঁচ হাজার ৮৮৪ ভোট পান।