আড়াইহাজার থানার ওসির ভূমিকা তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কিশোরী ধর্ষণের ঘটনায় দেরিতে মামলা হওয়ায় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা তদন্তে দুই দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত কমিটি গঠন করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলা হয়েছে। কমিটিকে আগামী ১৫ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। তদন্তকালে ওই ওসিকে সাময়িকভাবে বরখাস্ত করা যায় কি না, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আইজিপিকে বলা হয়েছে।গত ২৪ জানুয়ারি ‘ধর্ষিতার পরিবারকে হুমকি’ শিরোনামে প্রথম আলোতে খবর প্রকাশিত হয়। খবরটি নজরে আনা হলে ওইদিন আদালত আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলামকে গতকাল আদালতে হাজির হতে নির্দেশ দেন। সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য অনুসারে, ১৯ থেকে ২০ জানুয়ারি মধ্যবর্তী রাতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৪ জানুয়ারি মামলা হয়। আদালতের নির্দেশে গতকাল আদালতে হাজির হন ওসি। আদালত ওসি এবং আসকের তদন্তকারী কর্মকর্তা জন অসিত দাসের বক্তব্য শোনেন। শুনানির একপর্যায়ে আদালত ওই থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হুদাকে বেলা তিনটায় হাজির হতে বলেন। আদালত ক্ষতিগ্রস্ত কিশোরী ও তার পরিবারকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। ওই মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা নাজমুল হুদাকে সরিয়ে একজন গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ এবং আসামির চাচা ও ওয়ার্ড মেম্বার মাসুদকে আগামী সোমবার আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়।আইনজীবী অবন্তী নূরুল বলেন, ওসির সঙ্গে অন্যদের বক্তব্যে অমিল পাওয়া গেছে। ওসি মিথ্যা বলেছেন উল্লেখ করে আদালত ধর্ষণের পর মামলা দায়েরসহ আইনগত পদক্ষেপ গ্রহণে ওসির ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন।