আড়াইহাজার থানার দুই দারোগাসহ চারজনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজার উপজেলার খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির সিরাজীকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে পাঁচ মাসের মাথায় নিহতের বড় ভাই ওয়াসির উদ্দিন বাদী হয়ে আদালতে একটি মামলা করেছেন। মামলায় আড়াইহাজার থানার দুই দারোগা ও পুলিশের দুই সোর্সকে আসামি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা বেগমের আদালতে এই মামলা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় আগে পুলিশের করা মামলার সঙ্গে নিহতের বড় ভাইয়ের দায়ের করা পিটিশন মামলার অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে দেওয়া নিহতের বড় ভাইয়ের অভিযোগে উল্লেখ করা হয়, খাগকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির সিরাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে আড়াইহাজার থানায় কর্মরত এসআই রফিক ও এসআই আহসানউল্লাহর শত্রুতা চলে আসছিল। একটি হত্যা মামলার আসামি ধরার নামে মেঘনা নদী দিয়ে ট্রলারযোগে তাঁর ভাই এসআই নাসির সিরাজীকে সঙ্গে নিয়ে এসআই রফিক ও এসআই আহসানউল্লাহ গত ১৭ জুন থানার কালাপাহাড়িয়া ইউনিয়নে যান এবং সেখান থেকে চারজন আসামি গ্রেপ্তার করে ফেরার পথে দুই দারোগার নির্দেশে সোর্স লিটন ও নবী হোসেন মিলে নাসির সিরাজীকে পানিতে ফেলে হত্যা করেন। এ ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন থানায় এসে পুলিশের রহস্যজনক কথাবার্তা শুনে থানায় একটি মামলার করার চেষ্টা করে। তখন পুলিশ তাদের মামলা না নিয়ে হত্যাকাণ্ডটি ভিন্ন দিকে প্রভাবিত করতে এসআই আহসান বাদী হয়ে এলাকার ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ মামলা করলেও একজন আসামিও এ মামলায় গ্রেপ্তার করতে পারেনি।