আড়াইহাজার-ফেরিঘাট ও গোপালদী সড়ক বেহাল
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী ফেরিঘাট-আড়াইহাজার সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে বেহাল হয়ে পড়েছে। এতে ওই সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী ভোগান্তির শিকার হচ্ছে প্রতিনিয়ত।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৭ আগস্ট মেঘনা নদীর কড়িকান্দি ও বিষনন্দীতে ফেরি স্থাপন করে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সঙ্গে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থান করে সওজ কর্তৃপক্ষ। ওই ফেরি ও রাস্তা ব্যবহার করে প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের হাজারো যানবাহন চলাচল করছে। ওই সড়কের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকা থেকে আড়াইহাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিষনন্দী ফেরিঘাট এলাকা থেকে আড়াইহাজার পর্যন্ত নয় কিলোমিটার সড়কের অন্তত ছয় কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে গর্ত আর খানাখন্দে বেহাল হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ফেরিঘাট এলাকা থেকে রামচন্দ্রদী বেইলি সেতু পর্যন্ত দুই কিলোমিটারজুড়ে রাস্তার দুই ধারে ভাঙন রয়েছে। রামচন্দ্রদী বাসস্ট্যান্ড থেকে ১০০ মিটার পশ্চিমে রাস্তায় ১০ মিটারজুড়ে প্রায় ১ ফুট গভীর গর্ত রয়েছে। তা থেকে প্রায় ২০০ মিটার পশ্চিমে রামচন্দ্রদীর পশ্চিমপাড়া, জালাকান্দা, কালিরহাট, বগাদি, আড়াইহাজার বাজার এলাকায় রাস্তায় বড় বড় গর্ত রয়েছে। অন্যদিকে রামচন্দ্রদী থেকে গোপালদী পর্যন্ত দাইরাদী এলাকার পল্লী বিদ্যুৎ কার্যালয় ও কবরস্থানের পাশে রাস্তায়ও কয়েকটি বড় গর্ত রয়েছে।
ইজিবাইকচালক মো. ইব্রাহিম বলেন, রাস্তার অবস্থা এতই খারাপ যে প্রতিদিন দু-এক শ টাকা গাড়ি মেরামত করতে লাগে। রাস্তার বড় গর্তে প্রতিদিনই দু-তিনটা গাড়ি উল্টে গিয়ে মানুষ আহত হচ্ছে এবং গাড়িও নষ্ট হচ্ছে।
ট্রাকচালক সুজন মিয়া বলেন, রামচন্দ্রদী থেকে আড়াইহাজার পর্যন্ত রাস্তায় বড় বড় গর্তের কারণে গাড়ি চালাতে অনেক অসুবিধা হয়। রাস্তার সাইড দিয়ে, মাঝখানে ভাঙার কারণে অনেক বেশি সময় লাগে। ফেরির ইজারাদার মাহবুব আল হক বলেন, রামচন্দ্রদী থেকে আড়াইহাজার পর্যন্ত রাস্তায় বেশ কিছু বড় বড় গর্ত রয়েছে। আর ওই সব গর্তের কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং ফেরি দিয়ে যান চলাচল কমে গেছে কিছুটা। আমার ব্যক্তিগত ছয় হাজার টাকা খরচ করে রাস্তার পুরোনো কিছু ভাঙা পিচ ফেলে গর্ত ভরাটের চেষ্টা করেছি। রাস্তা ভাঙা বিষয়ে বহুবার কর্তৃপক্ষকে বলেছি, কোনো কাজ হয়নি।
নারায়ণগঞ্জ সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাকির আলম বলেন, ফেরিঘাট থেকে আড়াইহাজার হয়ে ভুলতা পর্যন্ত রাস্তাটি একটি প্রকল্পে দেওয়া হয়েছে, আগামী দুই-তিন মাসের মধ্যে টেন্ডার হওয়ার কথা। টেন্ডার হলে পাকা রাস্তাটি ১৮ ফুট থেকে ২৪ ফুটে উন্নীত এবং দুটি কালভার্ট নির্মাণ করা হবে। ওই টেন্ডার হওয়ার আগ পর্যন্ত ছোট প্রকল্প দিয়ে রাস্তাটি মেরামত করে চলাচল উপযোগী করে রাখা হবে।