আড়াইহাজারে অগ্নিদগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অগ্নিদগ্ধ হওয়ার নয় দিন পর গৃহবধূ মারিয়া আক্তার (২৬) মারা গেছেন। গতকাল রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২০ জুলাই শ্বশুরবাড়ির লোকজন মারিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। নিহত গৃহবধূর বাবা ইসমাইল হোসেন অভিযোগ করেন, চার বছর আগে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বিনাইর চর গ্রামের ফজর আলীর ছেলে সোলায়মানের সঙ্গে তাঁর মেয়ে মারিয়ার বিয়ে হয়। তাঁদের একটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায়ই মারিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। ২০ জুলাই বিকেলে মারিয়ার সঙ্গে তাঁর শ্বশুর-শাশুড়ির তর্ক হয়। পরে গভীর রাতে ঘুমন্ত মারিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা। মারিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারিয়া মারা যান। এদিকে মারিয়ার স্বামী সোলায়মানের পরিবারের সব সদস্য গৃহবধূ অগ্নিদগ্ধ হওয়ার পর থেকেই আত্মগোপন করে আছে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’