আড়াইহাজারে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার বড় দিঘীরপাড় পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার উপজেলার বড় দিঘীরপাড় রেলস্টেশন এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপির একাংশ। সমাবেশ শেষে দুপুর দেড়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। বিএনপির নেতা আতাউর রহমানের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে বিএনপির লোকজনের ওপর হামলা চালায়। তবে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ জালাল মিয়া বলেন, ‘বিএনপির দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে আমরা শুনেছি।’