আড়াইহাজারে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জুয়া ও কনসার্টে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দি ইউনিয়নের চৈতনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঈদ উপলক্ষে গত শনিবার রাতে চৈতনকান্দা এলাকায় কনসার্টের আয়োজন করে ওই গ্রামের সরকার বাড়ির ছাত্রলীগ নেতা দুলাল, আলী হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন। এ উপলক্ষে সেখানে জুয়ার আসর ও কনসার্টেরও আয়োজন করা হয়। এ নিয়ে ওই দিন রাতে দুলাল ও তাঁর লোকজনের সঙ্গে আগারের বাড়ির আওয়ামী লীগ কর্মী জাকির ও এলাহীর মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সন্ধ্যা ছয়টায় সরকার বাড়ি ও আগারের বাড়ির কয়েক শ লোক দা, ছোরা, টেঁটা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।