আড়াইহাজারে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে আহত ৫
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক উদয়ন চন্দ্র বিশ্বাসসহ পাঁচজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাজারে স্থানীয় সাংসদ নজরুল ইসলামের ভাগ্নে ও ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব মোল্লার ছেলে ইকবালের সঙ্গে উদয়ন চন্দ্র বিশ্বাসের ভাতিজা বিলাসের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। খবর পেয়ে উদয়ন চন্দ্র সেখানে এলে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করেন। এ সময় সংঘর্ষে উদয়ন চন্দ্র, বিলাস বিশ্বাস ও ইকবালের বন্ধু ডালিমসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইকবাল, বিলাস ও মিন্টুকে আটক করেছে পুলিশ।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম তিনজনকে আটকের খবর নিশ্চিত করে জানান, ‘দুপুর পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’